দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া শুরু

বিগত কয়েক বছরের মধ্যে নিজেদের সবচেয়ে বড় যৌথ সামরিক মহড়া শুরু করেছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। 

সোমবার (২২ আগস্ট) তাদের এই বার্ষিক গ্রীষ্মকালীন মহড়া শুরু হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এবছর থেকে 'উলচি ফ্রিডম শিল্ড' নামে পরিচিত হবে এটি। আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই মহড়া। 

গত মে'তে ক্ষমতা গ্রহণ করা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইয়োল প্রতিশ্রুতি দিয়েছিলেন, উত্তরের বিরুদ্ধে প্রতিরোধ আরও শক্তিশালী করে গড়ে তুলতে যুক্তরাষ্ট্রের সাথে এসব যৌথ মহড়াকে আরও স্বাভাবিক করে তোলা হবে। 

এছাড়াও করোনাভাইরাস মহামারি শুরুর পর থেকে প্রথমবারের মতো চার দিনব্যাপী বেসামরিক প্রতিরক্ষা মহড়াও উদ্বোধন করা হয়েছে দক্ষিণ কোরিয়ায়। 

প্রেসিডেন্ট ইউন সুক-ইয়োল জানান, এসব সামরিক ও বেসামরিক মহড়ার উদ্দেশ্য হলো যুদ্ধের ক্রমাগত পরিবর্তনশীল কৌশলের সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নেয়া। 

মন্ত্রিসভার এক বৈঠকে তিনি বলেন, কোরিয়ান উপদ্বীপে শান্তি বজায় রাখা নির্ভর করে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার ওপর। সত্যিকারের পরিস্থিতির ওপর ভিত্তি করে মহড়া চর্চা করার আহবান জানান তিনি। 

আরও পড়ুন: সমকামিতাকে বৈধতা দিতে চলেছে সিঙ্গাপুর

২০১৭ সালের পর এটি দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় মহড়া। একে আক্রমণের রিহার্সাল বলে আখ্যা দিয়েছে উত্তর কোরিয়া। 

এর আগে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র এসব মহড়ার প্রাথমিক প্রস্তুতি শুরু করলে গত সপ্তাহে নিজেদের পশ্চিম উপকূল থেকে দুটি ক্রুজ মিসাইল ছোঁড়ে উত্তর কোরিয়া। 


একাত্তর/এসজে