মহানবীকে নিয়ে কটূক্তি করার অভিযোগে বিজেপি নেতা গ্রেপ্তার

মহানবীকে নিয়ে কটূক্তি করার অভিযোগে ভারতের হায়দ্রাবাদে এক বিজেপি নেতাকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। 

মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে ঠাকুর রাজা সিং নামে তেলেঙ্গানা রাজ্যের এই আইনপ্রণেতাকে গ্রেপ্তার করা হলেও, পুলিশের পক্ষ থেকে কারিগরি ভুলের কারণে তাকে জামিনে মুক্ত করে আদালত। 

পরে বিক্ষুব্ধ জনতাকে শান্ত থাকার আহবান জানিয়ে পুলিশ জানায়, তাকে পুনরায় গ্রেপ্তার করতে কাজ করা হচ্ছে। তবে, এরপরও বিক্ষোভ চালিয়ে যায় জনতা। 

বুধবার (২৪ আগস্ট) রাতে হায়দ্রাবাদের বিভিন্ন জায়গায় জড়ো হয়ে ঠাকুর রাজা সিংয়ের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে উত্তেজিত মুসলমান জনতা। এসময় তার কুশপুত্তলিকা দাহ করা হয় ও তার পোস্টারে জুতা ছুঁড়ে মারা হয়। 

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালেও পরিস্থিতি শান্ত না হওয়ায় শহরের বিভিন্ন জায়গায় প্যারামিলিটারি মোতায়েন করা হয়। 

মহানবীকে নিয়ে নূপুর শর্মার কটূক্তির পর এই ইস্যুতে এমনিতেই বিব্রতকর পরিস্থিতিতে রয়েছে বিজেপি। তাই রাজা সিংয়ের মন্তব্যের পর পদক্ষেপ নিতে দেরি করেনি তারা। 

মহানবীকে নিয়ে কটূক্তি করার অভিযোগ ওঠার পরপরই ঠাকুর রাজা সিংকে দল থেকে সাময়িক বহিষ্কার করে বিজেপি। তাকে কেনো স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে তাকে একটি নোটিশও পাঠানো হয়েছে দলের পক্ষ থেকে। 

ধর্ম নিয়ে কটূক্তি করে এর আগেও বিপদে পড়েছেন ঠাকুর রাজা সিং। ঘৃণা ছড়ানোর অভিযোগে দুই বছর আগে তাকে নিষিদ্ধ করেছিল ফেসবুক। 

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে গত সপ্তাহে হায়দ্রাবাদের কমেডিয়ান মুনাওয়ার ফারুকির শো বন্ধে 'সহিংস পরিকল্পনার' ঘোষণা দেন ঠাকুর রাজা সিং। এরপরই পুলিশ তাকে গৃহবন্দি করে রাখে। 

রোববার ফারুকির শো শান্তিপূর্ণভাবে শেষ হলেও, সোমবার ইউটিউবে ১০ মিনিটের একটি ভিডিও আপলোড করেন রাজা সিং, যেখানে তাকে মহানবীকে নিয়ে নূপুর শর্মার অনুরুপ বক্তব্য দিতে দেখা যায়। কিছুক্ষণ পরই ভিডিওটি সরিয়ে ফেলে ইউটিউব কর্তৃপক্ষ। 

আরও পড়ুন: স্বাধীনতা দিবসে ইউক্রেনে রুশ হামলায় নিহত ২৫

তবে, মুনাওয়ার ফারুকির বিরুদ্ধেও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ এই প্রথম নয়। এর আগে ২০২১ সালে একই অভিযোগে এক মাস কারাভোগ করেন তিনি। তবে তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেছেন ফারুকি। 

ঠাকুর রাজা সিং ঘোষণা দেন, হায়দ্রাবাদে ফারুকির শো চললে তিনিও এমন একটি শো বানাবেন, যেটি 'হিন্দুদের গর্বিত করবে'। 


একাত্তর/এসজে