রয়টার্সের বিশ্লেষণ

তাইওয়ান প্রণালির কাল্পনিক মধ্যমা রেখা মুছে ফেলছে চীন

গত প্রায় ৭০ বছর ধরে তাইওয়ান ও চীনের মধ্যে শান্তি বজায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে তাইওয়ান প্রণালির মধ্য দিয়ে টানা কাল্পনিক মধ্যমা রেখা। তবে, চীনের নৌবাহিনী ক্রমেই এর শক্তি প্রদর্শন করতে শুরু করায় অর্থহীন হয়ে পড়ছে এই রেখা। 

কোল্ড ওয়ার যখন তুঙ্গে তখন ১৯৫৪ সালে এক মার্কিন জেনারেল এই রেখাটি কল্পনা করেন। এটিকে চীন কখনও আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি না দিলেও, দেশটির পিপলস লিবারেশন আর্মি এটিকে যথেষ্ট সম্মান দেখাত।

তবে সম্প্রতি মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর চীনের শক্তিশালী নৌবাহিনী প্রায়ই এই রেখা অতিক্রম করে আসছে। ফলে এ নিয়ে শঙ্কায় রয়েছে তাইওয়ান। 

ওই অঞ্চলের নিরাপত্তা পরিকল্পনা বিষয়ে বিশেষজ্ঞ তাইওয়ানের এক কর্মকর্তা বলেন, 'মধ্যমা রেখা ছেড়ে দিতে আমাদের ওপর ক্রমবর্ধমান চাপ প্রয়োগ করছে তারা।' 

তাইওয়ানের বেশ কিছু কর্মকর্তা মনে করেন, এই রেখা দুই দেশের মধ্যে যে বাফারের ধারণার প্রতিনিধিত্ব করে, তা ত্যাগ করা তাইওয়ানের জন্য অসম্ভব। 

এ মাসেই তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ বলেন, স্ট্যাটাস কুওর পরিবর্তন বরদাস্ত করবে না তারা। 

তিনি বলেন, তাইওয়ান প্রণালির শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে সমমনা অংশীদারদের সাথে একসাথে কাজ করে মধ্যমা রেখাকে বজায় রাখতে হবে। 

তবে নিরাপত্তা বিশ্লেষকদের মতে, পরিস্থিতি বিপজ্জনক দিকে মোড় নেয়ার ঝুঁকি ছাড়া মধ্যমা রেখাকে রক্ষা করা তাইওয়ানের জন্য কঠিন হয়ে দাঁড়াবে। 

গত কয়েক সপ্তাহ ধরে এই রেখার আশেপাশে ইঁদুর-বেড়াল খেলছে তাইওয়ান ও চীনের যুদ্ধজাহাজ। এর আকাশসীমায় প্রবেশ করেছে চীনা যুদ্ধবিমানও, যদিও তা খুবই অল্প সময়ের জন্য। 

তাইওয়ানের ১২ নটিক্যাল মাইলের সমুদ্রসীমায় চীন প্রবেশ করলে সামরিকভাবে এর জবাব দিতে হবে তাইওয়ানকে। তবে, আপাতত সেনাবাহিনী বা কোস্টগার্ডকে তাৎক্ষণিক জবাব দেয়ার কর্তৃত্ব দেয়ার কোনো পরিকল্পনা নেই  তাইওয়ানের। 

প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন অনেক দিন ধরেই বলে আসছেন, সংঘর্ষে উসকানি দেয়ার কোনো ইচ্ছা তাদের নেই। 

তবে তাইওয়ানের প্রতি আন্তর্জাতিক সমর্থন চীনকে তাইওয়ান প্রণালিতে টহল দেয়া থেকে বিরত রাখতে যথেষ্ট কিনা, সে নিয়ে সংশয় রয়েছে।  

আরও পড়ুন: ফাইজার ও বায়োএনটেকের বিরুদ্ধে মডার্নার মামলা

আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাইওয়ান প্রণালি অতিক্রম করবে বেশ কিছু মার্কিন যুদ্ধজাহাজ। তবে, মধ্যমা রেখার উভয় পাশে চীনা জাহাজকে তারা চ্যালেঞ্জ করবে না বলেই ধারণা করা হচ্ছে। 

মার্কিন নেভাল পোস্টগ্র্যাজুয়েট স্কুলের বিশেষজ্ঞ ক্রিস্টোফার টুমেমনে করেন, মধ্যমা রেখাটিকে আইনিভাবে সম্মত রেখা নয়, বরং 'রাজনৈতিক প্রত্নবস্ত' বা প্রতীক হিসেবে দেখে যুক্তরাষ্ট্র। এর আশেপাশে চীনের উপস্থিতির জবাবে কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হবে না বলে মনে করেন তিনি। 


একাত্তর/এসজে