ইতালির এক যুবকের দেহে এক সঙ্গে বাসা বেঁধেছে তিন তিনটি মারাত্মক ভাইরাস। করোনা, মাঙ্কিপক্সের সঙ্গে সংক্রমিত হয়েছে এইচআইভি ভাইরাসেও।
তিন ভাইরাস এক সঙ্গে সংক্রমিত হবার ঘটনা শুধু বিরলই নয়, বিশ্বে প্রথম নজির। এক সঙ্গে দুই ভাইরাসে ঘায়েল হবার উদাহরণ থাকলেও তিন ভাইরাসে এই প্রথম।
করোনা মহামারীকাল শেষ হবার আগেই মাঙ্কিপক্স এখন দুনিয়া জুড়ে ভয় ধরাচ্ছে। আর এইডস রোগের কারণ এইচআইভি ভাইরাস তো বহু বছর ধরেই আছে প্রাণঘাতী হয়েছে।
আর এই তিন ভাইরাস ৩৬ বছরের ইতালিয় যুবকের শরীরের কিভাবে বাসা বাঁধলো, সেই ধাঁধার উত্তরই খুঁজছেন এখন দুনিয়ার তাবৎ বিজ্ঞানীরা।
করোনাভাইরাস, মাঙ্কিপক্স এবং এইচআইভি- এই তিন রোগের ভাইরাসে এক সঙ্গে আক্রান্ত সেই যুবক। ‘জার্নাল অব ইনফেকশন’ নামের জার্নালে বিষয়টি প্রকাশিত হয়েছে।
ব্যক্তিগত সুরক্ষার জন্য সেই যুবকের নাম গোপন রাখা হয়েছে। গবেষকরা বলেছেন, পর্যবেক্ষণ করে দেখা গিয়েছে, যুবকের দেহে করোনা ও মাঙ্কিপক্সের লক্ষণ এক্ষেত্রে মিশে গেছে।
জানা গেছে, যুবকটি কয়েক দিনের জন্য ঘুরতে বেরিয়েছিলেন। ফেরার দশ দিন পর তার শরীরে জ্বরের লক্ষণ দেখা দেয়। সঙ্গে গলাব্যথা, দুর্বলতা, মাথায় যন্ত্রণা এবং কুঁচকিতে অস্বস্তি হচ্ছিল।
তিনি দ্রুত ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেন। এদিকে এসব লক্ষণ দেখা দেওয়ার তিন দিন পরে তাঁর করোনা টেস্ট করানো হয়। পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
এর পরে তাঁর মুখে ও গায়ে ফুসকুড়ি বেরোতে শুরু করে। সেগুলো ক্রমশ বড় হতে শুরু করে। তখন তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়।
আরও পড়ুন: পুরুষের তুলনায় নারীর শয্যাসঙ্গী বেশি: সমীক্ষা
হাসপাতালের সংক্রমণ বিভাগে তাঁকে ভর্তি করানো হয়। ভর্তির পর তাঁর বিভিন্ন পরীক্ষা করানো হয়। সেই পরীক্ষায় দেখা গেলে, তাঁর যকৃতের আকার অনেকটা বেড়েছে।
তখন তাঁর মাঙ্কিপক্সের রিপোর্টও পজিটিভ আসে। পাশাপাশি এইচআইভি পরীক্ষার রিপোর্টও পজিটিভ আসে। এই রিপোর্ট পজিটিভ আসার সময়ে কোভিড পজিটিভ ছিলেন তিনি।
হাসপাতালে এক সপ্তাহের বেশি ভর্তি ছিলেন ওই ইতালিয় যুবক। এরিমধ্যে করোনা ও মাঙ্কিপক্স থেকে সেরে উঠেছেন তিনি। এইচআইভি সংক্রমণের চিকিৎসাও শুরু হয়েছে।