আবারও উড্ডয়নে ব্যর্থ নাসার আর্টেমিস-১ রকেট

যান্ত্রিক ত্রুটির কারণে দ্বিতীয় দফায়ও উড্ডয়ন করতে পারেনি মার্কিন মহাকাশ সংস্থার (নাসা) পরীক্ষামূলক রকেট আর্টেমিস-১।  

চাঁদে যাবার জন্য নাসার নতুন রকেটটি শনিবার (৩ সেপ্টেম্বর) বিপজ্জনকভাবে আবারো জ্বালানি লাইনে ফুটো হওয়ায়, তাদের দ্বিতীয় প্রচেষ্টাটিও বাতিল করতে বাধ্য হয়েছে আমেরিকান মহাকাশ সংস্থা নাসা। 

ফ্লোরিডা অঙ্গরাজ্যের স্থানীয় সময় সকাল ১১টা ১৭ মিনিটে উৎক্ষেপণ স্থগিত করার ঘোষণা আসে। এর আগে ৩২২ ফুট উচ্চতার রকেটটি গত সোমবার প্রথমবার উৎক্ষেপণ চেষ্টা ব্যর্থ হয়। পরবর্তী উৎক্ষেপণ চেষ্টা কবে হতে পারে তা স্পষ্ট করেনি নাসা। তবে এতে মাসখানেক সময়ও লেগে যেতে পারে।

আর্টেমিস-১ নামের এ কর্মসূচিতে ছয় ঘণ্টাব্যাপী উত্ক্ষেপণের প্রচষ্টো অব্যাহত ছিল। রকেটের ইঞ্জিন শীতল করার পাশাপাশি জ্বালানি বের হয়ে আসার ছিদ্রপথ বন্ধের প্রচষ্টো চালাচ্ছিলেন প্রকৌশলীরা।

পাঁচ সপ্তাহের পরীক্ষামূলক এই উড্ডয়নটি সফল হলে, মহাকাশচারীরা ২০২৪ সালে চাঁদের চারপাশে উড়তে পারবে, এবং ২০২৫ সালে এটি চাঁদে নামতে পারে। ৫০ বছর আগে মানুষ শেষবারের মতো চাঁদের মাটিতে পা রেখেছিল। 


একাত্তর/এসজে