আততায়ীর হাতে নিহত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের রাষ্ট্রীয় শেষকৃত্যানুষ্ঠানের প্রতিবাদ জানাতে নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়েছেন এক জাপানি নাগরিক।
বুধবার (২১ সেপ্টেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ওই ব্যক্তিকে গায়ে আগুন দিতে দেখে পুলিশে খবর দেন প্রত্যক্ষদর্শীরা।
পুলিশ এসে তার গায়ের আগুন নিভিয়ে তাকে হাসপাতালে নিয়ে যায়। তবে তখনও তিনি সজ্ঞান ছিলেন।
ওই ব্যক্তির বর্তমান শারীরিক অবস্থা এখনও জানা যায়নি। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তার বয়স ৭০ এর ওপরে।
উল্লেখ্য, আগামী ২৭ সেপ্টেম্বর শিনজো আবের রাষ্ট্রীয় শেষকৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেখানে জাপানের গণ্যমান্য ব্যক্তিসহ বিশ্বনেতাদের যোগ দেয়ার কথা রয়েছে।
তবে এই আয়োজন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে দেশটির সাধারণ জনগণ। বিভিন্ন জরিপে দেখা গেছে, শেষকৃত্যের খরচ নিয়ে খুশি নয় বেশিরভাগ জাপানি।
গায়ে আগুন দেয়ার এই ঘটনা নিয়ে এখন পর্যন্ত দেশটির সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
আরও পড়ুন: দেশ রক্ষায় ‘সেনাসমাবেশের’ ঘোষণা পুতিনের
রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠান জাপানে খুব একটা প্রচলিত নয়। তবে আবের শেষকৃত্যে প্রায় সাড়ে এগারো মিলিয়ন ডলার খরচ হবে। জনগণের টাকায় এই বিপুল আয়োজনের প্রতিবাদ জানিয়েছে অনেকে।
গত ৮ জুলাই এক রাজনৈতিক র্যালিতে আততায়ীর গুলিতে নিহত হন শিনজো আবে।
একাত্তর/এসজে