কিয়েভের বিস্ফোরণে 'কামাকাজি' ড্রোন হামলার অভিযোগ

ইউক্রেনের রাজধানী কিয়েভে সোমবার (১৭ অক্টোবর) সকাল থেকে কমপক্ষে পাঁচটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভোরে সতর্কতামূলক সাইরেন বাজানোর পর এসব বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছে বিবিসি। 

স্থানীয় সময় সকাল সাতটার দিকে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। এদের মধ্যে একটি শহরের কেন্দ্রের খুব কাছে ছিল বলে ধারণা করা হচ্ছে। 

শহরের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছে, এসব বিস্ফোরণে শেভচেনকিভস্কি এলাকায় আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। 

প্রেসিডেন্ট জেলেনস্কির দপ্তরের প্রধান আন্দ্রি ইয়ারমাকের অভিযোগ, তথাকথিত 'কামাকাজি ড্রোনের' মাধ্যমে এই হামলা চালানো হয়েছে। 

কিয়েভসহ সমগ্র ইউক্রেনজুড়ে একযোগে চালানো মিসাইল হামলায় ১৯ জন নিহত হওয়ার এক সপ্তাহ পর রাজধানীতে আবারও বিস্ফোরণের ঘটনা ঘটলো। 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন, ক্রিমিয়ার সাথে রাশিয়াকে সংযুক্তকারী সেতুতে হামলার জবাবে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। ক্রিমিয়া সেতুতে হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেন তিনি। 

তবে এ সপ্তাহের শুরুতে পুতিন জানিয়েছিলেন, আপাতত ইউক্রেনে আর কোনও বড় হামলা চালাবে না রাশিয়া। 

ইউক্রেনে রাশিয়া সব প্রধান লক্ষ্যে আঘাত হানতে সক্ষম হয়েছে দাবি করে তিনি বলেন, ইউক্রেনকে ধ্বংস করা তার উদ্দেশ্য নয়। 

এদিকে, পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের বাখমুত ও সোলেদার শহরে রাশিয়ান ও ইউক্রেনীয় সেনাদের মধ্যে তুমুল যুদ্ধ চলছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

এ সপ্তাহে দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলে দুই পক্ষের মধ্যে ব্যাপক লড়াই চলার কথা জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। 

আরও পড়ুন: ইরানের কারাগারে আগুনে চার বন্দি নিহত

জুন ও জুলাইয়ে লিসিচানস্ক ও সেভেরোদোনেৎস্ক দখল করার পর রাশিয়ান সেনাবাহিনীর লক্ষ্য হয়ে উঠেছে বাখমুত ও এর উত্তরে অবস্থিত সোলেদার। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার জানিয়েছে, দোনেৎস্ক, খেরসন ও মিকোলাইভ অঞ্চলে ইউক্রেনের সেনাবাহিনীকে সামনে অগ্রসর হওয়া থেকে রুখতে সক্ষম হয়েছে। এছাড়াও ইউক্রেনের সামরিক ও জ্বালানি অবকাঠামোর ওপর হামলা করতে সমর্থ হওয়ার কথাও জানায় তারা। 


একাত্তর/এসজে