খেরসন বাসিন্দাদের সরিয়ে নিতে শুরু করেছে রাশিয়া

ইউক্রেনের অধিকৃত পূর্বাঞ্চলীয় শহর খেরসন থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে শুরু করেছে রাশিয়া। বাসিন্দাদের সরিয়ে রাশিয়ার মূল ভূখণ্ডে নেয়া হচ্ছে।

এর আগে ইউক্রেনীয় বাহিনীর অগ্রগতির মুখে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) অধিবাসীদের দ্রুত সরে আসার পরামর্শ দেয়া হয়। বলা হয়, নিজেদের নিরাপত্তার স্বার্থে অধিবাসীদের ওই অঞ্চল ত্যাগ করা উচিত।

বিবিসির খবরে রাশিয়ার অভিষিক্ত স্থানীয় নেতার বরাতে বুধবার (১৯ অক্টোবর) বলা হয়, কমপক্ষে ১০ হাজার সাধারণ নাগরিক এবং রাশিয়ান কর্মকর্তাদের ইউক্রেনের দক্ষিণ খেরসন অঞ্চল থেকে সরিয়ে নেয়া হচ্ছে।

ভ্লাদিমির সালদো নামের ওই নেতা বলেন, ডিনিপার নদীর পশ্চিম তীরের চারটি শহর থেকে ৫০ থেকে ৬০ হাজার বেসামরিক নাগরিককে পর্যায়ক্রমে সরিয়ে নেয়া হবে।

রাশিয়ার একটি টেলিভিশনের ফুটেজে ডিনিপার তীরে বহু মানুষের সমাবেশ দেখানো হয়েছে।

ভ্লাদিমির সালদো বলেন, খেরসন, নোভা কাখোভকাসহ এ অঞ্চলের অনেক শহর প্রতিদিন ইউক্রেনের রকেট হামলার শিকার হচ্ছে। এতে এসব শহরের অবকাঠামোগুলোর ব্যাপক ক্ষতি হচ্ছে।

তিনি আরো বলেন, ‘রাশিয়া নিজেদের জনগণকে ত্যাগ করবে না।’

উল্লেখ্য, ৩০ সেপ্টেম্বর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খেরসন, জাপোরিঝঝিয়া, দোনেৎস্ক ও লুহানস্ককে রাশিয়ার মূল ভূখণ্ডের অংশ হিসেবে ঘোষণা করেন।

আরও পড়ুন: এবার এনারহোডারে ইউক্রেন বাহিনীর গোলাবর্ষণ

গণভোটে ওই চার অঞ্চলের অধিকাংশ বাসিন্দা রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে রায় দিয়েছেন বলে রুশ গণমাধ্যমগুলোর খবরে উল্লেখ করা হয়।

যদিও ইউক্রেন ও দেশটির পশ্চিমা মিত্ররা প্রথম থেকে এ গণভোটকে ‘ভাঁওতাবাজি’ আখ্যা দিয়ে আসছে।


একাত্তর/আরএ