নর্ডস্ট্রিমে হামলায় ব্রিটেনকে দায়ী করলো রাশিয়া

ব্রিটিশ নৌবাহিনীর সদস্যরা গত মাসে নর্ডস্ট্রিম গ্যাস পাইপলাইনে হামলা চালায় এবং এর ফলেই রাশিয়ার গ্যাস সরবরাহের লাইনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে মস্কো। সংশ্লিষ্টরা বলছেন, এর ফলে চলমান সংঘাত নতুন মোড় নিতে পারে।    

বার্তা সংস্থা রয়টার্স জানায়, শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ অভিযোগ তোলা হয়েছে। তবে এর পক্ষে যথাযথ প্রমাণ হাজির করেনি দেশটি। 

রাশিয়া বলছে, একই ইউনিটের "ব্রিটিশ বিশেষজ্ঞরা" গেলো শনিবার ক্রিমিয়াতে রাশিয়ান ব্ল্যাক সি ফ্লিটের জাহাজগুলোতে ইউক্রেনীয় ড্রোন হামলার নির্দেশ দিয়েছিল। 

মস্কোর অভিযোগ, ব্রিটিশ নৌবাহিনীর একই ইউনিটের প্রতিনিধিরা এই বছরের ২৬ সেপ্টেম্বর বাল্টিক সাগরে একটি সন্ত্রাসী হামলার পরিকল্পনা করে এবং তা বাস্তবায়নে অংশ নেয়। তারাই নর্ড স্ট্রিম-১ এবং নর্ড স্ট্রিম-২ গ্যাস পাইপলাইনে হামলা চালিয়েছে।

এ বিষয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ব্রিটেনের অবস্থান সম্পর্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিক্রিয়া জানতে চাইবে মস্কো।  

এদিকে মস্কোর এসব অভিযোগ সরাসরি অস্বীকার করে যুক্তরাজ্য বলেছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি মহাকাব্যিক মিথ্যার আশ্রয় নিচ্ছে।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, রাশিয়ার এ গল্পটি পশ্চিমের চেয়ে রুশ সরকারের অভ্যন্তরে বেশি তর্কবিতর্কের জন্ম দিয়েছে। 

সাগরের তলদেশে ক্ষতিগ্রস্ত নর্ডস্ট্রিম পাইপলাইন

তবে এ বিষয়ে মস্কোর পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে তা জানা যায়নি। 

এর আগে গত মাসে বাল্টিক সাগরের তলদেশে নর্ড স্ট্রিম প্রাকৃতিক গ্যাস পাইপলাইন সিস্টেমে ছিদ্র দেখা দেয়। রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহ করা এসব পাইপলাইনে চারটি ছিদ্র পাওয়া যায়। তখন  থেকেই এ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ চলছে। তবে রাশিয়া বরাবরই বলে আসছে, এসবের পিছে পশ্চিমা দেশগুলোর হাত রয়েছে।   

আরও পড়ুন: সরকার রিজার্ভের টাকা দিয়ে ফুর্তি করছে: জিএম কাদের

সবশেষ মস্কো জানিয়েছিল, তাদের হাতে থাকা তথ্য-উপাত্ত বলছে, নর্ড স্ট্রিম পাইপলাইনের ক্ষতির পিছনে ‘পশ্চিমা চিহ্ন’ রয়েছে।


একাত্তর/আরবিএস