কফি খেয়েই ৯ দিন বেঁচে ছিলেন খনি শ্রমিকরা

দক্ষিণ কোরিয়ার পূর্বাঞ্চলের বংহোয়ায় একটি ধসে পড়া জিংক (দস্তা) খনিতে আটকা পড়েছিলেন দুই খনি শ্রমিক। টানা ৯ দিন তারা সেখানে আটকে ছিলেন। এই ৯ দিন সঙ্গে থাকা ইনস্ট্যান্ট কফি (পাউডার) খেয়েই বেঁচে ছিলেন তারা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, ওই খনিটি গত ২৬ অক্টোবর ধসে পড়ে। ৯ দিন পর অর্থাৎ ৪ নভেম্বর তাদের উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজনের বয়স ৬২ এবং অপর জনের ৫৬। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে।  

উদ্ধার হওয়া শ্রমিকরা জানান, জিঙ্ক খনিতে কাজ করছিলেন তারা। এ সময় খনির কিছু অংশ ধসে পড়ে এবং তারা প্রায় ২০০ মিটার (৬৫০ ফুট) মাটির নিচে আটকা পড়েন। খনিতে দীর্ঘ সময় আটকে থাকায় তারা সেখানে প্লাস্টিক দিয়ে থাকার মতো একটি তাবু বানান এবং প্লাস্টিক পুড়িয়েই নিজেদের উষ্ণ রাখার চেষ্টা করেন। 

এদিকে উদ্ধারের পর ওই দুই খনি শ্রমিক হেঁটেই খনি থেকে বের হন। তাদের শারীরিক অবস্থা পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ ঘটনায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক-ভেয়ল বলেছেন, ‌এটি সত্যিই বিস্ময়কর। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফিরে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ।

দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দুই খনি শ্রমিক সিলিং থেকে গড়িয়ে পড়া পানি পান করে এবং খাবার হিসাবে তাত্ক্ষণিক কফি মিক্স পাউডার খেয়ে বেঁচে যান। 

আরও পড়ুন: একই বিন্দুতে দাঁড়িয়ে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

তাদের উদ্ধারে কাজ শুরু হয় গত বৃহস্পতিবার (৩ নভেম্বর)। বাইরে থেকে ড্রিল করে সেই ছিদ্র দিয়ে ক্যামেরা ঢুকিয়ে ভেতরের পরিস্থিতি প্রথম পর্যবেক্ষণ করেন উদ্ধারকর্মীরা। এভাবেই আটকা পড়া ওই দু'জনের অবস্থান শনাক্ত করা হয়।

বেঁচে যাওয়া এক শ্রমিকের ভাতিজি বর্ণনা করেন যে, তার চাচা বাইরে এসে তাকে চিনতে পারেননি, কারণ তিনি প্রায় দশ দিন অন্ধকারে অন্ধকারে ছিলেন। 

ওই নারী উদ্ধারের এ ঘটনাকে "অবাস্তব" বলে বর্ণনা করেছেন।


একাত্তর/আরবিএস