নেপালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ছয় দশমিক ছয়। এতে ছয়জন নিহতের খবর পাওয়া গেছে। ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টারের (এনসিএস) বরাতে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টসহ একাধিক আর্ন্তজাতিক গণমাধ্যম।
মঙ্গলবার স্থানীয় সময় দিবাগত রাত দুই ১২ মিনিটে পশ্চিমাঞ্চলীয় ডোটি জেলায় আঘাত হানে প্রবল ভূকম্পন।
খবরে বলা হয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ছয় দশমিক ছয়। ভূমিকম্পটির কেন্দ্র ছিল খাপতাড ন্যাশনাল পার্কে।
ডোটি জেলা পুলিশ কার্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান ভোলা ভাট্টা জানিয়েছেন, ভূমিকম্পে নিহতদের মধ্যে আট বছর বয়সী একটি ছেলে, ১৩ বছরের একটি মেয়ে, ১৪ বছর বয়সী দুটি মেয়ে, একজন ৪০ বছর বয়সী নারী ও একজন ৫০ বছর বয়সী পুরুষ রয়েছেন। তারা পুরিচৌকি পল্লী পৌরসভার গাইরা গাঁয়ের বাসিন্দা।
শক্তিশালী ভূমিকম্পটি সুদূর কাঠমান্ডু এবং ভারতের কিছু অংশেও অনুভূত হয়েছে। এর প্রভাবে ডোটিতে বেশ কিছু ঘরবাড়ি ধসে পড়েছে। ভুক্তভোগীদের সবাই ধসে পড়া ঘরের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে এগিয়ে ট্রাম্পের দল
এদিকে, নেপালে এই ভূমিকম্পের মাত্রা নিয়ে বেশ বিভ্রান্তি দেখা দিয়েছে। এনসিএসের বরাতে ভারতীয় বার্তা সংস্থা এএনআই বলছে, ভূমিকম্পের মাত্রা ছিল ছয় দশমিক তিন। তবে শুরুতে এর মাত্রা পাঁচ দশমিক তিন বলে জানানো হয়েছিল।
আবার মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাতে সিএনএন বলছে, ভূমিম্পটির মাত্রা ছিল পাঁচ দশমিক ছয়। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ভূমিকম্পের মাত্রা ছয় দশমিক ছয়।
একাত্তর/এসি