ইউক্রেনে এক কোটি মানুষ বিদ্যুৎবিছিন্ন: জেলেনস্কি

রাশিয়ার সর্বশেষ মিসাইল হামলার পর ইউক্রেনের এক কোটি মানুষ অন্ধকারে রয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

শুক্রবার (১৮ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার এ হামলায় এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। 

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) নিজের দৈনিক বিবৃতিতে জেলেনস্কি বলেন, 'বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে আমরা সবকিছু করছি'। 

এছাড়াও ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছয়টি ক্রুজ মিসাইল ও পাঁচটি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে বলে জানান তিনি। 

যুদ্ধে শুরুর পর এখন পর্যন্ত সবচেয়ে ভারী বোমাবর্ষণের দুইদিন পরই আবারও ইউক্রেনজুড়ে মিসাইল বর্ষণ করে রাশিয়া। এতে বহু জ্বালানি স্থাপনা ও বেসামরিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। 

ধারণা করা হচ্ছে, যুদ্ধের ময়দানে সাম্প্রতিক পরাজয়ের পর বিমান হামলার কৌশল বেছে নিয়েছে রাশিয়া। এর ফল আরও তীব্রভাবে অনুভব করছে ইউক্রেন। 

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে ঘুম থেকে উঠেই তুষারপাতের দৃশ্য দেখে কিয়েভবাসী। তবে বিদ্যুৎবিচ্ছিন্ন হওয়ায় তাদের কারও বাড়িই গরম রাখার কোনও ব্যবস্থা নেই বলে ধারণা করা হচ্ছে। 

এছাড়াও পশ্চিমের শহর ভিনিৎসিয়া, দক্ষিণ-পশ্চিমের বন্দরনগরী ওডেসা ও উত্তর-পূর্বে সুমি শহরও বিদ্যুৎবিচ্ছিন্ন বলে জানিয়েছে বিবিসি। 

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আবারও মিত্রদের প্রতি 'ইউক্রেনের আকাশের জন্য পূর্ণ নিরাপত্তা' দেয়ার আহবান জানিয়েছেন। এটি করলে তা রাশিয়াকে যুদ্ধ বন্ধে উৎসাহ দেবে বলে মন্তব্য করেন তিনি। 

আরও পড়ুন: প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাট নেতৃত্ব ছাড়ছেন পেলোসি

এদিকে, কিয়েভের বিরুদ্ধে আলোচনায় 'অনিচ্ছার' অভিযোগ করে সাম্প্রতিক এসব হামলাকে ন্যায্যতা দেয়ার চেষ্টা করছে মস্কো। 

ভ্লাদিমির পুতিন কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছেন কিনা, এমন প্রশ্নের জবাবে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, 'রাশিয়ার দিক থেকে কেউ এই বিষয়ে আলোচনা করেনি এবং করছেও না'। 


একাত্তর/এসজে