নর্ডস্ট্রিমে নাশকতার প্রমাণ পাওয়ার দাবি সুইডেনের

বাল্টিক সাগরের তলদেশে অবস্থিত নর্ডস্ট্রিম পাইপলাইনের ক্ষতিগ্রস্ত স্থানের আশেপাশে বিস্ফোরকের অস্তিত্ব পাওয়া গেছে বলে দাবি করেছেন তদন্তকারীরা। 

শুক্রবার (১৮ নভেম্বর) এক সুইডিশ আইনজীবীর বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। 

রাশিয়া ও জার্মানির মধ্যে সংযোগকারী নর্ডস্ট্রিম ১ ও ২ পাইপলাইনে চারটি ছিদ্র হওয়ার ঘটনার তদন্ত করছে সুইডিশ ও ড্যানিশ কর্তৃপক্ষ। ইউক্রেন যুদ্ধের মধ্যে ইউরোপে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় এটি একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। 

প্রাথমিক তদন্তের পর গত মাসে ডেনমার্ক জানায়, শক্তিশালী বিস্ফোরণের ফলে ছিদ্রগুলো হয়েছে বলে তদন্তে পাওয়া গেছে। 

এক বিবৃতিতে সুইডিশ প্রসিকিউশন অথোরিটি জানিয়েছে, ঘটনাস্থল থেকে উদ্ধার করা বেশ কিছু বস্তুতে বিস্ফোরকের অস্তিত্ব পাওয়া গেছে। এখানে 'গুরুতর নাশকতার' প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে তারা।

তারা আরও জানায়, আরও তদন্তের পর জানা যাবে এর জন্য দায়ীদের শনাক্ত করা সম্ভব কিনা। 

এ ব্যাপারে সুইডেন ও অন্যান্য দেশের কর্তৃপক্ষের সাথে সহযোগিতা খুব ভালোভাবেই চলছে বলে জানান প্রধান প্রসিকিউটর ম্যাটস জাঙ্কভিস্ত। 

তবে এ নাশকতায় কী ধরণের বিস্ফোরক ব্যবহৃত হয়েছে সে ব্যাপারে কোনও মন্তব্য করতে রাজি হয়নি তারা। 

এদিকে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকোভ জানিয়েছেন, নর্ডস্ট্রিম মেরামতের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার জন্য ক্ষতির সম্পূর্ণ বিবরণী হাতে পাওয়া পর্যন্ত অপেক্ষা করবে রাশিয়া। 

তিনি বলেন, বিধ্বংসী বা সন্ত্রাসী কার্যক্রমের পক্ষে যেসব তথ্য আসা শুরু করেছে তা রাশিয়ার কাছে থাকা তথ্যকে সমর্থন করে। এই বিস্ফোরণের পেছনে কে দায়ী তা খুঁজে বের করা খুবই জরুরি। 

আরও পড়ুন: ইরাকে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১৫

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর নর্ডস্ট্রিম পাইপলাইনে প্রথম ছিদ্র ধরা পড়ে। পরে গত ১৮ অক্টোবর সুইডেনের একটি পত্রিকা জানায়, নর্ডস্ট্রিম ১ পাইপলাইনে ১৬৪ ফুট চওড়া একটি গর্ত সৃষ্টি হয়েছে। 

ডেনমার্ক ও সুইডেনের ভূমিকম্প বিশেষজ্ঞরা প্রথমে বলেছিলেন, ছিদ্রের আশেপাশের এলাকায় কম্পন পর্যবেক্ষণ করেছিলেন তারা। তবে সেগুলো ভূমিকম্প থেকে সৃষ্ট কম্পন নয় বলে ধারণা ছিল তাদের। 


একাত্তর/এসজে