বিশ্বকাপ শুরুর আর মাত্র দুই দিন আগেই পূর্বের সিদ্ধান্ত থেকে ঘুরে দাঁড়িয়েছে আয়োজক দেশ কাতার ও বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
শুক্রবার (১৮ নভেম্বর) তারা বিশ্বকাপের আটটি স্টেডিয়ামে আশেপাশে বিয়ার কেনাবেচা নিষিদ্ধ ঘোষণা করেছে।
বিশ্বকাপের আয়োজক দেশ কাতারের সঙ্গে ‘আলোচনার’ পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় ফিফা। কারণ এটি একটি ইসলামী রাষ্ট্র, যেখানে এমনিতেই অ্যালকোহল গ্রহণের উপর কঠোর বিধিনিষেধ রয়েছে।
তবে আকস্মিক এই সিদ্ধান্ত গ্রহণের কোন কারণ জানায়নি ফিফা। সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুধুমাত্র ফ্যান জোনে অ্যালকোহল পাওয়া যাবে উল্লেখ করে বলা হয়,‘কাতার বিশ্বকাপে স্টেডিয়ামের চারদিক থেকে বিয়ার বিক্রয়ের পয়েন্টগুলো সরিয়ে নেয়া হবে।’
রোববার (২০ নভেম্বর) কাতার বনাম ইকুয়েডরের মধ্যকার উদ্বোধনী ম্যাচ উপলক্ষে ইতোমধ্যে স্টেডিয়ামগুলোর চারদিকে কয়েক ডজন বিয়ার বিক্রির স্টল বসানো হয়েছিল। ২৯ দিন ব্যাপী এই টুর্নামেন্ট উপলক্ষে এক মিলিয়নেরও বেশী লোক কাতার ভ্রমণ করবেন বলে ধারনা করছে আয়োজকরা।
অপরদিকে এবি ইনবেভের মালিকানাধীন বাডওয়াইজারের সঙ্গে ফিফার রয়েছে দীর্ঘমেয়াদি চুক্তি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘এবি ইনবেভ বিষয়টি অনুধাবন করে কাতার বিশ্বকাপ চলাকালে সহায়তা করায় তাদের প্রশংসা করছে টুর্নামেন্টের আয়োজকরা।’
আরও পড়ুন: ইস্তাম্বুল হামলায় সন্দেহভাজন ১৭ জন কারাগারে
অবশ্য স্টেডিয়ামের ভিআইপি সুইটগুলোতে পর্যাপ্ত বিয়ার পাওয়া যাবে। যেগুলো বিক্রি করবে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
এছাড়া দোহায় অবস্থিত ফিফার ফ্যান জোন, কিছু প্রাইভেট ফ্যান জোন এবং ৩৫টি হোটেল ও রেস্টুরেন্টে বিয়ার পাওয়া যাবে।
একাত্তর/জো