সিরিয়ায় তুরস্ককে 'সংযম' দেখানোর আহ্বান রাশিয়ার

তুরস্ককে সিরিয়ায় সংযত এবং অতিরিক্ত বলপ্রয়োগ থেকে বিরত থাকার আহবান জানিয়েছে রাশিয়া। 

বার্তা সংস্থা এপি'র খবরে বলা হয়েছে, সিরিয়ায় কুর্দি যোদ্ধাদের ওপর তুরস্কের বিমান হামলা চালানো এবং স্থল হামলার হুমকির প্রেক্ষিতে মঙ্গলবার রাশিয়া এ আহবান জানায়। 

সিরিয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত আলেকজান্ডার লাভরেন্টিয়েভ কাজাখস্তানের আস্তানায় বলেন, উত্তেজনা বেড়ে যাওয়া এড়াতে সিরীয় ভূখন্ডে অতিরিক্ত বল প্রয়োগ থেকে দূরে রাখতে আমরা আমাদের তুর্কি সহকর্মীদের রাজি করাতে পারবো বলে আশা করি।

তিনি যোগ করেন, এই অঞ্চলের সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে এবং কুর্দি সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধান করতে হবে

সিরিয়া বিষয়ে রাশিয়া, তুরস্ক ও ইরান এই তিনদশের বৈঠকে যোগ দিতে আস্তানায় অবস্থানরত আলেকজান্ডার লাভরেন্টিয়েভ আরও বলেন, বড় ধরনের স্থল হামলা থেকে বিরত রাখতে রাশিয়া মাসের পর মাস ধরে সম্ভাব্য সবকিছু করছে। 

সবশেষ রোববার সিরিয়ার উত্তরাঞ্চল ও ইরাকে অবৈধ কুর্দি যোদ্ধাদের লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালায় তুরস্ক। এসব হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছে বলে ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষক গ্রুপ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে।

আরও পড়ুন: ব্যাকটেরিয়া সংক্রমণ বিশ্বে মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ

উল্লেখ্য, সোভিয়েত আমল থেকেই রাশিয়ার অন্যতম বিশ্বস্ত ও ঘনিষ্ট মিত্র সিরিয়া। দুই দেশের বন্ধুত্বে নতুন মাত্রা যোগ হয় ২০১৫ সালে। জঙ্গি সংগঠন আইএস ও বিরোধী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সহিংস তৎপরতায় নাজেহাল সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের নেতৃত্বাধীন সরকারকে সহযোগিতা করতে রুশ সেনাবাহিনীকে নিয়োগ করেছিলেন পুতিন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রুশ সহযোগিতা না পেলে সিরিয়ার ওপর নিয়ন্ত্রণ রাখা প্রায় অসম্ভব হতো বাশার আল আসাদের পক্ষে। পুতিনই আসাদ সরকারকে টিকিয়ে রেখেছে। 


একাত্তর/আরবিএস