ইউক্রেনের অবকাঠামোর ওপর সম্ভাব্য রুশ হামলার বিষয়ে নতুন করে সতর্কতা জারি করেছে দেশটি। আসন্ন শীতে আরও কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হবে বলেও শঙ্কা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। শীত এবং তুষারপাতই এখন ইউক্রেনের নতুন শত্রু।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিআরআই জানায়, ইউক্রেনের সামরিক বাহিনী রোববার নাগরিকদের এই বলে সতর্ক করে যে, দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা চালানোর হুমকি এখনও বজায় রয়েছে।
ক্ষমতাসীন দলের একজন ঊর্ধ্বতন আইনপ্রণেতাও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, আগামী সপ্তাহটি সত্যিই কঠিন হতে পারে।
এদিকে রুশ হামলায় ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ কেন্দ্র ও অন্যান্য স্থাপনাগুলোর কার্যক্রম পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে জেলেনস্কি প্রশাসন। তবে, চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ প্রায় ২০ শতাংশ কম বলে, ইউক্রেনের রাষ্ট্র-পরিচালিত পরিষেবা কোম্পানি জনগণকে বিদ্যুতের ব্যবহার হ্রাসের আহ্বান জানিয়েছে।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিতসকো সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন যার চিত্রায়ন করা হয়েছিল তুষারপাতের সময়। এসময় তিনি জনসাধারণের জীবনে রুশ হামলার প্রভাব কমানোর জন্য তাপন ব্যবস্থা’সহ অন্যান্য সুযোগসুবিধা পুনরুদ্ধার চেষ্টা চালাচ্ছেন বলে জানান।
অন্যদিকে রোববারও রাজধানী কিয়েভসহ ইউক্রেনজুড়ে হামলা চালিয়েছে রাশিয়া।
আরও ভয়াবহ শীত আসার আগেই অনেক অঞ্চলের বাসিন্দাদের সরে যাওয়ার পরামর্শ দিয়েছে দেশটির সরকার।
আরও পড়ুন: দ্রুত সুস্থ হতে এবার নাসার দ্বারস্থ নেইমার
দেশটির পূর্বাঞ্চলীয় দোনেৎস্কের গভর্নর পাভলো কিরিলেঙ্কোর ভাষ্যানুযায়ী, মধ্যাঞ্চলীয় একটি শহরে গোলাবর্ষণে দু’জন নিহত এবং আরও একজন আহত হয়েছেন।
বিশ্লেষকরা বলছেন, রাশিয়া শীতের জন্য অপেক্ষা করছে। আসন্ন শীত রাশিয়ার জন্য এক বড় হাতিয়ার।
একাত্তর/আরবিএস