কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে রাস্তার ওপর ভূমিধসের ঘটনায় একটি বাস ও অন্যান্য যানবাহন চাপা পড়ে ৩৪ জন নিহত হয়েছে।
সোমবার (৫ ডিসেম্বর) দেশটির জরুরী পরিষেবা সংস্থা ন্যাশনাল ইউনিট ফর ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট এ তথ্য জানিয়েছে।
রোববার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় এ ভূমিধসের ঘটনার পর দ্রুত সেখানে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। মাটির নিচে চাপা পড়া লোকজনের সন্ধানে মাটি খননের কাজে উদ্ধারকর্মীদের কোদাল ও খনন যন্ত্র ব্যবহার করতে দেখা যায়।
ন্যাশনাল ইউনিট ফর ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট জানায়, প্রত্যন্ত শহর পুয়েব্লো রিকোতে এ দুর্যোগে নিহতদের মধ্যে আট শিশু রয়েছে। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছে।
দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, বাসটি ২৫ জন যাত্রী নিয়ে ক্যালি শহর যাত্রা করেছিল। আন্দিজ পর্বত অঞ্চলের মধ্য দিয়ে যাওয়ার সময় সেটি ভূমিধসের কবলে পড়ে।
কলম্বিয়ার সংবাদমাধ্যমের খবরে বলা হয়, এ ঘটনায় ধ্বংসস্তূপের ভিতর থেকে অলৌকিকভাবে এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। শিশুটিকে তার মায়ের দুই বাহুর মাঝ থেকে টেনে তোলা হয়।
এ ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া এক ব্যক্তি বলেন, ওই বাসের চালকের বুদ্ধিমত্তার কারণে ভূমিধসের সবচেয়ে খারাপ পরিস্থিতি এড়ানো গেছে। ভূমিধসের সময় বাসচালক কিছুটা পেছনে সরে না আসলে এতে আরও বেশি ক্ষতি হতে পারতো।
আরও পড়ুন: আবার নির্বাচনে দাঁড়াতে চান বাইডেন, ২০২৩-এ সিদ্ধান্ত
সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, কলম্বিয়ায় আগস্টে শুরু হওয়া বর্ষাকাল বিগত ৪০ বছরের মধ্যে দেশটির সবচেয়ে খারাপ পরিস্থিতির সৃষ্টি করেছে। এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে বিভিন্ন দুর্ঘটনায় সেখানে এখন পর্যন্ত ২৭০ জনেরও বেশি লোক প্রাণ হারিয়েছে।