রিয়াদ-ওয়াশিংটন দ্বন্দ্বের মধ্যেই সৌদি সফরে শি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে মুখোমুখি অবস্থানে রিয়াদ-ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মিত্র হিসেবে পরিচিত সৌদি আরবের সঙ্গে আগেই দ্বন্দ্বে জড়িয়েছে বাইডেন প্রশাসন। এমন পরিস্থিতিতে দীর্ঘ ছয় বছর পর সৌদি আরব সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। 

বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার (৭ ডিসেম্বর) তিন দিনের সফরে চীন-আরব সম্মেলন এবং চীন-জিসিসি সম্মেলনে যোগ দেবেন শি। 

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শি-এর এ সফর দুই দেশের জন্যই সমান গুরুত্বপূর্ণ। এ সফরের মধ্যদিয়ে নতুন রূপ পেতে পারে চীন-সৌদি সম্পর্ক। 

সৌদি আরবের রাষ্ট্রীয় প্রেস এজেন্সি (এসপিএ) এক প্রতিবেদনে জানায়, সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সাউদের (এমবিএস) আমন্ত্রণে সেদেশে এক রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট।

একাধিক সূত্র জানিয়েছে, দেশ দুটির নেতাদের বৈঠকে ২৯ দশমিক ২৬ বিলিয়ন ডলারের দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হতে পারে।

এর আগে ২০১৬ সালের জানুয়ারিতে শেষবার সৌদি আরব সফর করেন শি।

অন্যদিকে ২০১৭ সালে মোহাম্মদ বিন সালমানকে দেশটির যুবরাজ ঘোষণা করা হয়। আর ২০১৯ সালের শুরুতে চীন সফর করেন এমবিএস।   


একাত্তর/আরবিএস