আক্রান্ত হলে ইউক্রেনকে পাল্টা জবাব দেবে বেলারুশ

রাশিয়া বা বেলারুশে ইউক্রেন হামলা করলে বেলারুশ সরাসরি যুদ্ধে যোগ দিতে পারে বলে হুশিয়ারী দিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আলেক্সি পোলিশচাক।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থায় এক সাক্ষাৎকারে শুক্রবার আলেক্সি বলেন, ইউক্রেন যদি হামলা করে, তবে স্বাভাবিকভাবেই সম্মিলিতভাবে তাদের জবাব দেবে রাশিয়া ও বেলারুশ। 

তবে এমন কোনো জবাব দেওয়া হবে কি না, সে বিষয়ে রাশিয়া ও বেলারুশের নেতারা সিদ্ধান্ত নেবেন বলেও জানান এই ক্রেমলিনের এই কর্মকর্তা। 

ইউক্রেন যুদ্ধের শুরুর দিকে প্রতিবেশী দেশ বেলারুশ থেকে ইউক্রেনে প্রবেশ করেছিলেন রুশ সেনারা। আর গত অক্টোবর থেকে বেলারুশে যৌথ সামরিক মহড়ার জন্য সেনা মোতায়েন করে আসছে মস্কো। সে সময় থেকে দুই দেশের সামরিক ঘনিষ্ঠতাও জোরদার হয়েছে।

এদিকে, চলমান যুদ্ধে বেলারুশের জড়িয়ে পড়ার সম্ভাবনা নিয়ে এরই মধ্যে সতর্ক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। 

তিনি বলেন, বোঝাই যাচ্ছে, বড় বড় কথা ছাড়া বেলারুশের কাছ থেকে শক্তিমত্তার আর কিছু দেখা যায়নি। তারপরও বেলারুশ সীমান্ত এবং আশেপাশের এলাকায় প্রস্তুতি রাখতে হবে।

জেলেনস্কি আরও বলেন, আমরা দেখেছি বেলারুশ এখন পর্যন্ত বড় বড় কথা ছাড়া বড় কিছু করে দেখায়নি। তবে তারা যা-ই করুক, আমাদের সীমান্ত লাগোয়া অঞ্চলে প্রস্তুত থাকতে হবে।


একাত্তর/এআর