ইউক্রেনকে লেপার্ড-২ ট্যাংক পাঠাতে সম্মত জার্মানি

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ বহুল আলোচিত লিওপার্ড-২ ট্যাংক ইউক্রেনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া ইউরোপের অন্য দেশগুলোর কাছে থাকা এ ট্যাংকও কিয়েভে পাঠানোর অনুমতি দেবে দেশটি। সরকারি সূত্রের বরাতে জার্মান সংবাদমাধ্যমগুলো এমন খবর প্রকাশ করেছে। খবর বিবিসির।

এতদিন বিভিন্ন দেশ থেকে ট্যাংক পাঠানোর কথা থাকলেও জার্মানির অনুমতির জন্য অপেক্ষা করছিল ন্যাটোভুক্ত দেশগুলো। বার্লিনে মঙ্গলবার (২৪ জানুয়ারি) দেশটির নতুন প্রতিরক্ষামন্ত্রী বোরিস পিস্তোরিয়াসের সঙ্গে বৈঠক করেন ন্যাটোপ্রধান। এরপরেই জার্মানি এ সিদ্ধান্ত নিয়েছে।

লিওপার্ড-২ ট্যাংক জার্মানিতে তৈরি করা হয়েছে এবং তাদের কাছ থেকে এ ট্যাংক কিনেছে আরো অনেক দেশ। তবে যেসব দেশের কাছে লিওপার্ড-২ আছে তারা যদি তৃতীয় কোনো দেশে এটি পাঠাতে চায় তাহলে জার্মানির অনুমতি লাগে।

এ পরিস্থিতিতে জার্মান চ্যান্সেলর শলৎজ ইউক্রেনকে ট্যাংক দেওয়ার বিষয়ে রাজি হয়েছেন বলে গতকাল মঙ্গলবার প্রথম সংবাদ প্রকাশ করে দেশটির সংবাদমাধ্যম স্পেজেল। পরে দেশটির আরো কয়েকটি সংবাদমাধ্যমে একই ধরনের খবর প্রকাশিত হয়, যা পরবর্তী সময়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো ফলাও করে প্রচার করে।  

এসব খবরে বলা হয়েছে, যুদ্ধক্ষেত্রে রাশিয়ার বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নেওয়ার জন্য পোল্যান্ডসহ ইউরোপের কোনো দেশ যদি জার্মানিতে তৈরি লেপার্ড-২ ট্যাংক ইউক্রেনের হাতে তুলে দেয়, সে ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না বার্লিন।

যদিও এর আগে গত রোববার জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালিনা বায়েরবোক বলেছেন, যুদ্ধে সহায়তার জন্য পোল্যান্ড লেপার্ড-২ ট্যাংক ইউক্রেনে পাঠাতে চাইলেও তার সরকার বাধা দেবে না।

তবে ইউক্রেনকে ট্যাংক দেওয়ার বিষয়ে জার্মান সরকারের পক্ষ থেকে এখনো কোন আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে সংবাদমাধ্যমে প্রকাশিত এ–সংক্রান্ত খবর নাকচও করেনি দেশটির সরকার।

জার্মান অস্ত্র প্রস্তুতকারী কোম্পানি রাইনমেটাল জানিয়েছে, প্রয়োজন হলে তারা ইউক্রেনে ১৩৯টি লেপার্ড যুদ্ধট্যাংক সরবরাহ করতে পারবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কোম্পানিটির একজন মুখপাত্র মিডিয়া গ্রুপ আরএনডিকে বলেন, রাইনমেটাল আগামী এপ্রিল-মে মাস নাগাদ ২৯টি লেপার্ড-২ ট্যাংক ইউক্রেনে সরবরাহ করতে পারবে। আর ২০২৩ সালের শেষ বা ২০২৪ সালের শুরুর দিক নাগাদ তারা একই মডেলের আরও ২২টি ট্যাংক সরবরাহ করতে পারবে।

আরও পড়ুন: ইউরোপকে চড়া মূল্য দিতে হবে: ইরান

এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইতিমধ্যে ঘোষণা করেছেন, তার দেশ ১৪টি চ্যালেঞ্জার-২ ট্যাংক ইউক্রেনে পাঠাবে। কিন্তু কিয়েভের চাহিদা আরো বেশি। সে কারণে ভলোদিমির জেলেনস্কি জার্মানিসহ পশ্চিমা মিত্রদের কাছে লেপার্ড-২ ট্যাংক চান। তার মতে, এই ট্যাংক যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম।

এ বিষয়ে ফিনিশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের রিচার্স ফেলো মিন্না অ্যালান্ডার বলেন, লেপার্ড-২ ট্যাংক ইউরোপে রয়েছে। বেশ কয়েকটি ইউরোপীয় দেশ এই ট্যাংক ব্যবহার করে, আর এসব ট্যাংক সরবরাহের জন্য প্রস্তুত আছে। ইউক্রেনে এগুলো পাঠানো সহজ। রক্ষণাবেক্ষণও সহজ হবে। এগুলোর খুচরা যন্ত্রাংশও ইউরোপে আছে, তাই ইউক্রেনীয়দের প্রশিক্ষণ দেওয়া সহজ হবে।


একাত্তর/আরএ