চীনে এক সপ্তাহে ছয় হাজারের বেশি করোনা রোগীর মৃত্যু

চীনে গেলো এক সপ্তাহে করোনা সংক্রমিত হয়ে হাসপাতালগুলোতে ছয় হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশটিতে করোনা আক্রান্ত হয়েছেন আরও কয়েক হাজার নাগরিক। 

রোববার (২৯ জানুয়ারি) চীনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনএইচকে।   

চীনা কর্তৃপক্ষ জানায়, ২০ জানুয়ারি থেকে গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে সারাদেশে ছয় হাজার তিনশ' ৬৪ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে আগের সপ্তাহের তুলনায় কোভিডে সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা প্রায় পঞ্চাশ শতাংশ হ্রাস পেয়েছে। সে সময় অর্থাৎ ১৩ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত দেশটিতে ১২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

তবে চীনে আগামী দুই বা তিন মাসের মধ্যে করোনাভাইরাসের প্রাদুর্ভাব হ্রাস পাওয়ার সম্ভাবনা ক্ষীণ, কারণ ইতিমধ্যে দেশটির ৮০ শতাংশ মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে দাবি করেছেন চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের প্রধান মহামারী বিশেষজ্ঞ উ জুনিউ। 

গত ৭ ডিসেম্বর চীন সরকার ভাইরাস বিরোধী পদক্ষেপগুলো ব্যাপকভাবে শিথিল করে এবং একাধিক অঞ্চল থেকে লকডাউন তুলে নেয়। এর পরপরই দেশটিতে সংক্রমণ বাড়তে থাকে। এছাড়া নববর্ষের ছুটির মৌসুমে চীনের কয়েক লাখ লোক দেশজুড়ে ভ্রমণ করছে। এর ফলে দেশটিতে নতুন করে করোনা ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে।

দেশটিতে এখন পর্যন্ত ১২৮ কোটির বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে উল্লেখ করে কর্তৃপক্ষ জানায়, আক্রান্তদের মধ্যে ৬০ বছর বা তারচেয়ে বেশি বয়সের মানুষের সংখ্যা ছিলো ২৩ কোটি ১ লাখ।

 

একাত্তর/আরবিএস