সমকামিদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার দায়ে এক সচিবকে বরখাস্ত করেছেন জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও। আরাই মাসাইয়োশি নামের ওই সচিব শুক্রবার বলেছিলেন যে, তিনি সমকামি দম্পতিদের "ঘৃণা করেন"।
শনিবার আরাইয়ের মন্তব্যকে "আপত্তিকর" বলে অভিহিত করে কিশিদা বলেন, এগুলো একটি বৈচিত্র্যময় সমাজ বাস্তবায়নে তার প্রশাসনের নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
আরাই ২০২১ সালের অক্টোবর মাস থেকে কিশিদার সচিবদের একজন হিসেবে দায়িত্ব পালন করছিলেন। খবর জাপান টাইমসের।
এর আগে আরাই শুক্রবার সাংবাদিকদের বলেন, কিশিদার সব সচিবেরই সমকামি বিয়ের ব্যাপারে নেতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে।
তিনি আরও বলেন, তিনি এটি চান না যে তার বাড়ির পাশেই কোনো সমকামি দম্পতি বাস করুক।
তিনি এই ইঙ্গিতও দেন যে, সরকার সমকামি বিয়েকে বৈধতা দিলে কিছু লোক জাপান ছেড়ে চলে যেতে পারেন। তবে একই সময়ে, আরাই এটিও বলেন, তিনি সমকামি দম্পতিদের মানবাধিকার এবং মূল্যবোধকে সম্মান করেন।
এদিকে একই দিনে পরে তিনি সাংবাদিকদের বলেন, তার মন্তব্যের কারণে ভুল বোঝাবুঝির সৃষ্টি হলে, তিনি তা প্রত্যাহার করে নিতে চান। আরাই এটিও বলেন, তিনি তার সহকর্মীদের কাছে জানতে চাননি যে এই বিষয় নিয়ে তাদের মতামত কি।
এর আগে সমকামি বিবাহকে আইনত স্বীকৃতি প্রদান করা উচিত কিনা? -আইনপ্রণেতাদের তা সতর্কতার সাথে বিবেচনা করা উচিত, সংসদে কিশিদার এরকম বক্তব্যের পরেই আরাইয়ের কাছ থেকে এই বিতর্কিত মন্তব্য এলো।
একাত্তর/আরবিএস