ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় হামলা, সতর্কতা জারি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দূরপাল্লার অস্ত্রের জন্য কিছু ইউরোপীয় দেশ সফর করার একদিন পর শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দেশজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা শুরু করেছে রাশিয়া। 

রাজধানী কিয়েভ, খারকিভ এবং জাপোরিঝিয়াসহ আরও কয়েকটি শহরেও রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইতোমধ্যে পুরো ইউক্রেনে সতর্কতা জারি করা হয়েছে। সাধারণ মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার নির্দেশ দিয়েছেন কর্মকর্তারা।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পোপকো এক টুইট বার্তায় বলেছেন, ক্ষেপণাস্ত্র হামলার বড় হুমকি রয়েছে। আমি আবারও বলছি, কেউ সতর্কতা উপেক্ষা করবেন না। জেলেনস্কির উপদেষ্টা অ্যান্টন গেরাশেঙ্কোও বেসামরিক নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যেতে আহ্বান জানিয়েছেন।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া শুক্রবার সকাল থেকে রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহর এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালাচ্ছে।

বিমান বাহিনী এক বিবৃতিতে বলেছে, আজভ সাগর থেকে সাতটি ইরানের তৈরি ‘কামিকাজে’ড্রোন এবং কৃষ্ণ সাগর থেকে ছয়টি কালিবর ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছিল। বিবৃতিতে ইউক্রেনীয় বিমান বাহিনী দাবি করেছে, তারা পাঁচটি ড্রোন এবং পাঁচটি কালিবর ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, পূর্ব খারকিভ অঞ্চল এবং দক্ষিণ জাপোরিঝিয়া অঞ্চলকে লক্ষ্য করে ৩৫টি পর্যন্ত বিমান বিধ্বংসী নির্দেশিত ক্ষেপণাস্ত্র দিয়ে বিশাল আক্রমণ চালিয়েছে রাশিয়া।

খারকিভের গভর্নর ওলেগ সিনেগুবভ বলেছেন, গুরুত্বপূর্ণ এবং অবকাঠামোগত সুবিধাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল যার ফলে কিছু যায়গায় আগুন লাগার খবর পাওয়া যায়। যদিও দ্রুতই সেই আগুন নিভিয়ে ফেলা হয়েছিল। তিনি আরও জানিয়েছেন, এই হামলায় কেউ হতাহত হয়নি তবে শহরের কিছু অংশ বিদ্যুৎবিহীন ছিল।

স্থানীয় কর্মকর্তা আনাতোলি কুর্তেভ বলেছেন, ক্ষেপণাস্ত্র হামলায় জাপোরিঝিয়ার একাধিক শক্তি এবং শিল্প অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে শহরের কিছু অংশ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

কুর্তেভ বলেন, জাপোরিঝিয়ায় এক ঘণ্টার মধ্যে ১৭টি ক্ষেপণাস্ত্র হামলা রেকর্ড করা হয়েছে, যা প্রায় এক বছর আগে রাশিয়ার আক্রমণের পর সবচেয়ে বড় সংখ্যা।

আরও পড়ুন: তুরস্কে ধ্বংসস্তূপ থেকে ১০১ ঘণ্টা পর ছয়জন জীবিত উদ্ধার

ইউক্রেনের জ্বালানি অপারেটর ইউক্রেনারগো বলেছে, ইউক্রেনের পূর্ব, পশ্চিম ও দক্ষিণাঞ্চলে বেশ কিছু উচ্চ ভোল্টেজ সুবিধা প্রভাবিত হয়েছে, যার ফলে কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট হয়েছে।

উল্লেখ্য, গত বছর ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়া ইউক্রেনের বিভিন্ন শহরের পাশাপাশি একাধিক পরমাণু কেন্দ্রগুলোতেও লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে। তবে শুক্রবারই চলতি বছরের সবথেকে ভয়ঙ্কর হামলা চালায় রাশিয়া।


একাত্তর/এসজে