তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বর্তমানের চেয়ে দ্বিগুণ অথবা তার চেয়েও বেড়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের জরুরি ত্রাণবিষয়ক সমন্বয়কারী মার্টিন গ্রিফিথস।
এদিকে স্কাই নিউজ জানিয়েছে, বর্তমানে ভয়াবহ এই ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৮ হাজার ছাড়িয়ে গেছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় কাহরামনমারাস শহর সফর করেন গ্রিফিথস। এটি সোমবারের ৭.৮ মাত্রার ভূমিকম্পের মূল কেন্দ্রস্থল ছিল।
স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে নিহতের সংখ্যা প্রসঙ্গে গ্রিফিথস বলেন, আমি মনে করি সঠিক হিসেব দেয়া কঠিন। তবে আমি নিশ্চিত এটি দ্বিগুণ কিংবা তারচেয়ে বেশি হবে।
তিনি আরও বলেন, আমরা প্রকৃতপক্ষে মৃতের সংখ্যা গণনা শুরু করিনি।
এদিকে সংশ্লিষ্ট কর্মকর্তা ও হাসপাতাল সূত্রে বলা হয়, তুরস্কে ২৪ হাজার ৬১৭ এবং সিরিয়ায় ৩ হাজার ৫৭৪ জন মারা গেছেন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১৯১ জনে।
হিমশীতল আবওহায়া উপেক্ষা করে হাজার হাজার উদ্ধারকর্মী এখনও তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে গৃহহীন লাখ লাখ লোক অবর্ণনীয় অবস্থায় রয়েছেন। তাদের জরুরি ভিত্তিতে ত্রাণ সহায়তা প্রয়োজন।
আরও পড়ুন: এবার কানাডার আকাশসীমায় উড়ন্ত বস্তু ভূপাতিত
জাতিসংঘ সতর্ক করে বলেছে, তুরস্ক ও সিরিয়ায় অন্তত আট লাখ ৭০ হাজার লোকের জরুরি ত্রাণ প্রয়োজন। কেবলমাত্র সিরিয়ায় ৫৩ লাখ লোক গৃহহীন হয়েছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে, শক্তিশালী এই ভূমিকম্পে দুই কোটি ৬০ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন।
একাত্তর/জো