তাজিকিস্তান সীমান্তে শক্তিশালী ভূমিকম্প

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পের ক্ষত না শুকাতেই আবারও শক্তিশালী ভূমিকম্পের খবর এলো। এবার তাজিকিস্তানের চীন সীমান্তে সাত দশমিক দুই রিখটার স্কেল মাত্রায় ভূমিকম্প হয়েছে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল আটটা ৩৭ মিনিটে এই ভূমিকম্প হয়।

বার্তা সংস্থা রয়টার্স চীনের রাষ্ট্রীয় টিভি সিসিটিভির বরাত দিয়ে বলছে- চীনের শিংজাং সীমান্তের তাজিকিস্তান অংশে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। 

এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের প্রভাবে তাৎক্ষণিক কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আঘাত হানা সাত দশমিক দুই মাত্রার ভূমিকম্পে ক্ষয়ক্ষতির শঙ্কা রয়েছে।

অন্যদিকে ভূমিকম্পটি ছয় দশমিক আট রিখটার স্কেল মাত্রায় ছিল বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের তথ্য উল্লেখ করে এর প্রতিবেদনে বলা হয়েছে- পামির মালভূমি বেষ্টিত ওই অঞ্চলটিতে জনবসতি খুবই কম। ভূমিকম্প সাড়ে ২০ কিলোমিটার এলাকা পর্যন্ত বিস্তৃত ছিল।

গত ছয় ফেব্রুয়ারি তুরস্কে সাত দশমিক আট মাত্রার ভূমিকম্পে লন্ডভন্ড হয়ে যায় বহু ঘর-বাড়ি। প্রতিবেশী দেশ সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে কম্পনে একই পরিস্থিতি সৃষ্টি হয়। দুই দেশে ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়েছে। আহত হন কয়েক হাজার মানুষ। 


একাত্তর/এসি