যুদ্ধ বন্ধে জাতিসংঘের প্রস্তাব, ভোট দেয়নি বাংলাদেশ

ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি বিশেষ প্রস্তাব গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এনিয়ে ভোটাভুটিতে ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪১ সদস্যেরই সমর্থন পেয়েছে ইউক্রেন। অন্যদিকে ভোটদানে বিরত থেকেছে বাংলাদেশসহ ৩২ দেশ।

বাংলাদেশের সঙ্গে ভোটদানে বিরত দেশের তালিকায় আরও রয়েছে ভারত, চীন, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, কিউবা, কঙ্গো, আর্মেনিয়া ও ভিয়েতনাম।

এদিকে এ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে রাশিয়াসহ সাতটি দেশ। এরমধ্যে রয়েছে বেলারুশ, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া, মালি, নিকারাগুয়া এবং সিরিয়া।

তবে আফগানিস্তান, নেপাল, ভুটান ও মিয়ানমার এ প্রস্তাবের (ইউক্রেনের পক্ষে) পক্ষে ভোট দিয়েছে। 

‘ইউএন চার্টার প্রিন্সিপ্যাল আনডারলাইয়িং এ কমপ্রিহেন্সিভ, জাস্ট অ্যান্ড লাস্টিং পিস ইন ইউক্রেন’ শীর্ষক ওই প্রস্তাবে বিভিন্ন দেশ দুইদিনব্যাপী তাদের মতামত তুলে ধরে। 

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেইনে আক্রমণের পর থেকে এ পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘে আনা চারটি প্রস্তাবের একটিতে পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। বাকি সবকটিতেই ভোটদানে বিরত থেকেছে।

এর আগে এ প্রস্তাবে বাংলাদেশের ভোট কোনো পক্ষে যাবে, এমন প্রশ্নে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন বিবিসিকে বলেছিলেন, আমরা কেবল আন্তর্জাতিক হিউম্যানিটারিয়ান আইনের ব্যত্যয় না ঘটলে, সেখানে কোনো রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে কোনো কিছু করা হলে- আমরা সাধারণত সেখানে অংশ নিই না।

তিনি যোগ করেন, কান্ট্রি স্পেসিফিক রেজুল্যুশন যখন নেওয়া হয়, সেসব ক্ষেত্রে আমরা সাধারণত বিরত থাকি। পররাষ্ট্রমন্ত্রী (এ কে আব্দুল মোমেন) নিউ ইয়র্কে আছেন। তিনি সেখানে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং অন্য যে দেশগুলো আছে, তাদের সাথে আলোচনার ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করবেন।

 

একাত্তর/আরবিএস