সংকটের মধ্যেই বেলারুশ প্রেসিডেন্টের চীন সফর

ইউক্রেনে হামলার ক্ষেত্রে রাশিয়ার সক্রিয় মদতকারী দেশ বেলারুশের প্রেসিডেন্ট চীন সফর করছেন৷ এই তিন দেশের মধ্যে নিবিড় সহযোগিতা পশ্চিমা বিশ্বে দুশ্চিন্তার কারণ হয়ে উঠছে৷

তিন দিনের রাষ্ট্রীয় সফরে তিনি মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) চীনে পৌঁছেছেন। খবর ডয়চে ভেলের।

বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেংকো গত প্রায় এক বছর ধরে ইউক্রেনের ওপর হামলার ক্ষেত্রে রাশিয়ার সহযোগিতা করে চলেছেন৷ রুশ সেনাবাহিনী বেলারুশ থেকে ইউক্রেনের ওপর হামলা চালিয়েছে৷ তবে বেলারুশের সেনাবাহিনী এখনো সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে নি৷

ভবিষ্যতেও লুকাশেংকো সেই অবস্থানে অটল থাকবেন কিনা, তা স্পষ্ট নয়৷ চীন এবার সেই বেলারুশকে ‘সামগ্রিক কৌশলগত সহযোগী’ হিসেবে বর্ণনা করে সহযোগিতা আরো নিবিড় করার উদ্যোগ নিচ্ছে৷

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং লুকাশেংকোকে স্বাগত জানাচ্ছেন৷

বেলারুশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বেল্টার সূত্র অনুযায়ী দুই নেতা বাণিজ্য, অর্থনীতি, বিনিয়োগ ও মানবিক সহযোগিতা নিয়ে কথা বলবেন৷ তাছাড়া এই মুহূর্তের ‘সবচেয়ে কঠিন আন্তর্জাতিক চ্যালেঞ্জ’ নিয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হবে৷

ইউক্রেনের ওপর হামলার পর রাশিয়ার সঙ্গে বেলারুশও পশ্চিমা বিশ্বের কড়া নিষেধাজ্ঞার মুখে পড়েছে৷ তার আগেই অবশ্য হত্যা, নিপিড়নসহ একাধিক গুরুতর অপরাধের দায়ে লুকাশেঙ্কোর ওপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছিল৷

আরও পড়ুন: ট্রেন দুর্ঘটনার জেরে গ্রিক পরিবহনমন্ত্রীর পদত্যাগ

২০২০ সালের বিতর্কিত নির্বাচনের পর ইউরোপীয় ইউনিয়ন তাকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয় নি৷ সোমবার ইইউ বেলারুশের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরো এক বছর বাড়ানোর সিদ্ধান্ত নেয়৷ চীন সেই নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে৷


একাত্তর/আরএ