প্রতীকী ছবি
তুরস্কের দক্ষিণ-পশ্চিম উপকূলে এজিয়ান সাগরে একটি ডিঙ্গি নৌকা ডুবে পাঁচ অভিবাসীর মৃত্যু হয়েছে। দেশটির কোস্টগার্ড বলছে, তারা ১১ জনকে উদ্ধার করেছে, অন্যদিকে গ্রীস বলেছে যে একই ধ্বংসাবশেষ থেকে আরও পাঁচজন অভিবাসীকে কাছাকাছি একটি দ্বীপে পাওয়া গেছে।
তুরস্কের কোস্টগার্ড জানিয়েছে, শনিবার (১১ মার্চ) সকাল ৬টা ২০ মিনিটে একটি নৌকা পানিতে তলিয়ে যাওয়ার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে। তারা এক শিশুসহ ১১ জনকে উদ্ধার করে এবং তাদের স্বাস্থ্যকর্মীদের কাছে হস্তান্তর করার জন্য দিদিম বন্দরে নিয়ে আসে।
গ্রীক কোস্টগার্ড জানিয়েছে, তুরস্কের জলসীমায় একটি 'অর্ধেক ডুবে থাকা ডিঙ্গি' থেকে যাদের উদ্ধার করা হয়েছে তাদের সম্পর্কে তুরস্ক তাদের জানিয়েছে। এতে বলা হয়েছে, দিদিমের উপকূল থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরে ফার্মাকোনিসি দ্বীপে পাঁচজনকে জীবিত পাওয়া গেছে।
আরও পড়ুন: ইতিহাসের সবচেয়ে বড় বিক্ষোভ দেখছে ইসরাইল
উদ্ধারকৃতদের বরাতে গ্রীক কোস্টগার্ড জানিয়েছে, নৌকায় মোট ৩১ জন ছিলেন। তুর্কি ও গ্রীক উভয় উপকূলরক্ষীরা জানিয়েছে, অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
ভূমধ্যসাগরে আরও পশ্চিমে, ইতালির দক্ষিণ প্রান্তে তিনটি পৃথক অভিযানে এক হাজার ৩০০ জনেরও বেশি অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। ইতালীয় উপকূলরক্ষী জানিয়েছে, উপকূলের কাছে নৌকায় পাথরের আঘাতে কমপক্ষে ৭৪ জন মারা যাওয়ার দুই সপ্তাহ পর শনিবার তাদের উদ্ধার করা হয়।
একাত্তর/এসজে