যুদ্ধাপরাধের অভিযোগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)’র জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানার বাস্তবায়ন করবে বলে জানিয়েছে জার্মানি।
বুধবার (২২ মার্চ) ইউক্রেনে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আঙ্কা ফেল্ডুসেন জার্মানির আইনমন্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানান। খবর: নিউজউইক।
ইউক্রেনে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত এক ব্রিফিংয়ে বলেন, জার্মানির ভূখণ্ডে পুতিন হাজির হলে তাকে নিশ্চিতভাবে গ্রেপ্তার করা হবে।
ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে শুক্রবার (১৭ মার্চ) পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। তবে আইসিসির এই গ্রেপ্তারি পরোয়ানাকে অর্থহীন হিসেবে আখ্যা দিয়েছে ক্রেমলিন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ পুতিনের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার প্রতি সমর্থন জানিয়েছেন। শলৎজ বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়।
ইউক্রেনে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আরও বলেন, আমরা রোম স্ট্যাটিউটে স্বাক্ষর করেছি। শুধু আমরা নই, ১২০টিরও বেশি দেশ এতে স্বাক্ষর করেছে। ফলে এমন দেশগুলো সফরের ক্ষেত্রে জটিলতায় পড়বেন পুতিন। তার কাছে গ্রেপ্তারি পরোয়ানা খুব সময়োচিত বলেও মনে হয়েছে, জানান আঙ্কা ফেল্ডুসেন।
আরও পড়ুন: পুতিন গ্রেপ্তার হলে যুদ্ধ লেগে যাবে
উল্লেখ্য, রোম স্ট্যাটিউট হলো আইসিসির এখতিয়ারের স্বীকৃতি। অবশ্য রাশিয়া ও যুক্তরাষ্ট্র কেউই এতে স্বাক্ষর করেনি।
একাত্তর/জো