ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর মার্সেইতে একটি চারতলা অ্যাপার্টমেন্ট ভবন বিস্ফোরণের পর ধসে পড়ার ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার স্থানীয় সময় রাত ১২টা ৪৯ মিনিটে লা প্লেইন পাড়ায় বিস্ফোরণটি ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও ছয়জন নিখোঁজ রয়েছে এবং উদ্ধার তৎপরতা চলছে।
বিস্ফোরণের কারণ এখনও অজানা হলেও, গ্যাস লিকের সম্ভাবনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
বিস্ফোরণে পার্শ্ববর্তী ভবনের পাঁচজন লোক সামান্য আহত হয়েছে এবং প্রায় ২০০ জনকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নিতে হয়েছে। আশেপাশের দুটি ব্লক কয়েক ঘন্টা পরে আংশিকভাবে ধসে পড়ে, তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
প্রায় ১০০ জন দমকলকর্মী ধ্বংসস্তূপের নীচে জ্বলতে থাকা আগুন সামলাতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
রোববার কর্তৃপক্ষ আগুন নেভার লক্ষণ দেখা যাচ্ছে বলে জানালেও, আগুনের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হয়।
প্রতিটি তলায় একটি অ্যাপার্টমেন্ট ছিল বলে ধারণা করা হয়। সোমবার ভোর পর্যন্ত ক্রেন ও বাতির সাহায্যে উদ্ধার অভিযান অব্যাহত ছিল।
একটি সংক্ষিপ্ত বিবৃতিতে দুইটি মরদেহ খুঁজে পাওয়ার ঘোষণা দিয়ে ফায়ার বিভাগ বলেছে, মরদেহগুলো উদ্ধারে সময় লাগবে।
একাত্তর/এসজে