ভারতে ১৯৮৪ সালের ২৪ অক্টোবর প্রথম পাতালরেল চলেছিল কলকাতার এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে ভবানীপুর (অধুনা নেতাজি ভবন) স্টেশন পর্যন্ত।
আর এবার ২০২৩ সালের ১২ এপ্রিল গঙ্গা পেরিয়ে মেট্রো পৌঁছে গেলো হাওড়াতে।
কলকাতা মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, মহাকরণ স্টেশন থেকে হাওড়া ময়দান স্টেশনে দুইটি রেক নিয়ে যাওয়া হয়েছে। প্রথমে মেট্রোর এমআর-৬১২ রেকটি গঙ্গার তলা দিয়ে ছুটেছে। সকাল ১১ টা ৫৫ মিনিটে সেটি হুগলি নদী পার হয়। তারপর মেট্রোর এমআর-৬১৩ রেকটিও গঙ্গার তলদেশ দিয়ে হাওড়া ময়দান স্টেশন এসে পৌঁছায়। বিদ্যুতের মাধ্যমে চালানো হয় রেক দুটি। কোনো বাধাবিঘ্ন ছাড়াই রেক দুইটি হাওড়া ময়দানে পৌঁছেছে।
কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার (জিএম) পি উদয়কুমার রেড্ডি নিজে একটি মেট্রোয় সওয়ার হয়ে কলকাতার দিক থেকে নবনির্মিত হাওড়া ময়দান মেট্রো স্টেশনে এসে নামেন।
মেট্রোরেল সূত্রে জানা গেছে, আপাতত হাওড়া ময়দান স্টেশনেই থাকবে রেক দু’টি। ওখান থেকেই ট্রায়াল রান শুরু হবে।
এ প্রসঙ্গে কলকাতা মেট্রোর জিএম রেড্ডি বলেন, এটা কলকাতা শহরের জন্য ঐতিহাসিক মুহূর্ত। আগামী সাত মাস এই ট্রায়াল চলবে। এটা ট্রায়াল রানের প্রস্তুতি পর্ব। ট্রায়াল রান নয়।
আরও পড়ুন: জাতিসংঘ মহাসচিব রুশ স্বার্থের প্রতি অতি উদার: মার্কিন নথি
মেট্রোরেলের মুখ্য জনসংযোগ কর্মকর্তা কৌশিক মিত্র জানান, কলকাতা মেট্রোর জন্য এ এক ঐতিহাসিক মুহূর্ত। বহু বাধা অতিক্রম করে মেট্রো রেককে হাওড়া অবধি নিয়ে যাওয়া গেলো। এটিকে কলকাতা এবং শহরতলির মানুষের জন্য ভারতীয় রেলের বিশেষ উপহার বলে উল্লেখ করেন তিনি।
একাত্তর/জো