আগামী দশকে আসছে আরেকটি মহামারী

আগামী ১০ বছরের মধ্যে করোনা ভাইরাসের মতো আরেকটি মহামারী পৃথিবীতে আঘাত হানতে পারে। যার সম্ভাবনা ২৭ দশমিক ৫ শতাংশ। লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান এয়ারফিনিটি লিমিটেড এ তথ্য জানিয়েছে।

গবেষণায় বলা হয়, ভাইরাসগুলো এখন ঘনঘন আবির্ভূত হচ্ছে। কারণ হিসাবে জলবায়ু পরিবর্তন, আন্তর্জাতিক ভ্রমণ বৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধি এবং জুনেটিক রোগ বা প্রাণী থেকে মানুষে ছড়িয়ে পড়া রোগ বৃদ্ধিকে দায়ী করা হয়েছে। 

গবেষণায় বলা হয়, টিকাদান এবং মহামারী মোকাবেলার প্রস্তুতি মৃত্যুর সংখ্যা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্যাথোজেন বা নতুন রোগ ছড়িয়ে পড়ার ১০০ দিনের মধ্যে টিকাদান শেষ করা গেলে মহামারীর সম্ভবনা সাড়ে ২৭ শতাংশ থেকে ৮ দশমিক ১ শতাংশে কমানো সম্ভব।

এয়ারফিনিটি বলেছে, বার্ড ফ্লু ধরনের ভাইরাস হলে ভিন্ন পরিস্থিতি দেখা দেবে। মানুষ থেকে মানুষে সংক্রমিত হওয়ায় ক্ষমতা অর্জন করে যুক্তরাজ্যে ২৪ ঘণ্টায় ১৫ হাজার মানুষকে হত্যা করতে পারে এ ভাইরাস। 

বিশ্ব এখন করোনাকে সঙ্গে নিয়েই বাস করছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরবর্তী সম্ভাব্য বৈশ্বিক হুমকির মোকাবিলায় কাজ করছেন। গত দুই দশকে বিশ্বে তিনটি বড় মহামারি দেখা গেছে, এগুলো হলো- সার্স, মার্স এবং কোভিড-১৯। ২০০৯ সালে দেখা দিয়েছিল সোয়াইন ফ্লু মহামারি।

বার্ড ফ্লু স্ট্রেনের দ্রুত বিস্তার ইতোমধ্যে উদ্বেগ সৃষ্টি করছে। যদিও এখন পর্যন্ত অল্প সংখ্যক মানুষ এতে সংক্রমিত হয়েছে। ভাইরাসটির মানুষ থেকে মানুষে সংক্রমণ হওয়ার এখনও কোনও লক্ষণ নেই। তবে পাখিদের মধ্যে সংক্রমণের হার অনেক বেশি।


একাত্তর/এআর