পৃথিবীতে এমন কিছু সাক্ষাৎ দাঁড়িয়ে আছে, যার কথা শুনলে মন হবে হেঁয়ালি করা হচ্ছে। এই ধরুন বলা হলো, এমন একটি রেলস্টেশনের কথা, যা থেকে বের হবার কোন পথ নেই। শুধু তাই নয়, সেই স্টেশনে প্রবেশেরও কোন পথ নেই। অথচ সেখানে নিয়মিত ট্রেন থামে।
অনেকে বলেই দিবেন, আরে ধুর যত সব বাজে কথা, এও আবার হয় নাকি। বিশ্বাস করুন আর না বা করুন, এমন একটি রেলস্টেশনের অস্তিত্ব এই পৃথিবীতেই আছে। যেখানে ট্রেন থামলেও সেখান থেকে বের হবার কোর পথ। আবার স্টেশনটিতে যাবারও কোন উপায় নেই।
অভিনব এই রেলস্টেশনটির নাম সেইরিউ মিহারাশি। এটি জাপানের ইয়ামাগুচি জেলার রেল নেটওয়ার্কের একটি স্টেশন। সেখানের স্থানীয় একটি রেলপথের নাম নিশিকিগাওয়া। এই পথ নিশিকি নদী বরাবর প্রায় ৩৩ কিলোমিটার চলাচল করে।
২০২১ সালের ১৯ মার্চ এই রেলপথে যুক্ত হয় সেইরিউ মিহারাশি স্টেশন। এতে নেই রেলওয়ে স্টেশনের অনেক বৈশিষ্ট্য। এর কোনো টিকিট বুথ নেই, কোনো প্রবেশ পথ নেই এবং বের হওয়ার কোনো পথ নেই। আসলে, ট্রেন থেকে না নামলে সেখানে যাওয়াও অসম্ভব।
একটি প্ল্যাটফর্ম আছে। যেখানে ট্রেন এসে দাঁড়ায়। যাত্রীরা যদি ওই স্টেশনে নামেনও, তাহলেও তাঁদের অন্য ট্রেনে বা যে ট্রেনে এসেছেন সেই ট্রেনেই উঠে পড়তে হবে। কারণ স্টেশন থেকে বার হওয়ার উপায় নেই। আবার এই স্টেশন থেকে কোনও যাত্রী ট্রেন ধরার জন্য প্ল্যাটফর্মে আসেন না। কারণ আসার কোনও উপায়ই নেই!
এমন এক আজব স্টেশন রাখার মানে কি? প্রশ্নটা মনে আসতেই পারে। কিন্তু তা সত্ত্বেও এই স্টেশন রয়েছে। আর যাত্রীরা এই স্টেশনে নামবেন বলে অনেক সময় ট্রেনও ধরেন। কারণ এটি জাপানের একমাত্র স্টেশন যেখান থেকে প্রকৃতির প্যানারোমিক দৃশ্য দেখা যায়।
নিশিকিগাওয়া রেল কর্তৃপক্ষ বলছে, এই রেলপথটি নির্মাণ করা হয়েছে পাহাড়ের কোন ঘেঁষে, যার নিচেই বয়ে চলছে নিশিকি নদী। আর সেইরিউ মিহারাশি স্টেশনটি রাখা হয়েছে শুধুমাত্র প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগের জন্য। নিশিকি নদীর দৃশ্য উপভোগ করার জন্য।
আপাতত সব ট্রেন সেখানে থামছে না। শুধুমাত্র বিশেষ পর্যটনের জন্য ট্রেন থামছে। এসব ট্রেন থেকে যাত্রীরা নামতে পারছেন। এ সময় ট্রেনটি দশ থেকে পনের মিনিট অপেক্ষা করবে। এরপর আবারও যাত্রীদের সেই ট্রেনে উঠে পরতে হবে।
স্টেশনের যে একটি মাত্র প্ল্যাটফর্ম রয়েছে সেটি অনেকটা বারান্দার মত। সেখানে ট্রেন এসে দশ মিনিট দাঁড়ায়। যাত্রীরা অনেকেই নেমে পড়েন। কারণ প্ল্যাটফর্মের গা ঘেঁষে বয়ে গেছে নিশিকি নদী। নদীর ধার পাহাড়ে ঘেরা। সবুজ জঙ্গল চারধারকে মোহময় করে তুলেছে।
আর সেটাই এই স্টেশনের মূল আকর্ষণ। এই স্টেশনটি জাপানে তৈরিই হয়েছে যাত্রীদেরকে এই অপরূপ প্রকৃতির শোভায় মুগ্ধ করার জন্য। ১০ মিনিট এই প্রকৃতির রূপে মিশে যাওয়ার পর আবার যাত্রীদের ওই ট্রেনেই উঠে পড়তে হয়। ট্রেন যাত্রা করে যেতে হয় আসল গন্তব্যে।
একাত্তর/এসজে