পাকিস্তানে ভূমিধসে চাপা পড়েছে ২০টি যান, নিহত দুই

উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার-পাখতুনখাওয়া প্রদেশে ভূমিধসে কমপক্ষে দুইজন নিহত এবং আটজন আহত হয়েছেন। কাদামাটির নিচে চাপা পড়েছে বেশ কয়েকটি যানবাহন। 

মঙ্গলবার ভোরে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং তোরখামের কাছে এ ঘটনা ঘটে। খবর: আলজাজিরা। 

প্রদেশের রেসকিউ ১১২২ সার্ভিসের মুখপাত্র বিলাল ফাইজি বলেন, ‘ভোরে উদ্ধারকারী কর্মকর্তাদের বৃষ্টি ও বজ্রপাতের পর তোরখাম সীমান্তের কাছে একটি ভূমিধসের খবর দেওয়া হয়েছিল, যা অনেক ট্রাক এবং কন্টেইনারকে চাপা দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা এখন পর্যন্ত দুজন মৃত ব্যক্তিকে উদ্ধার করেছি এবং আটজন আহত হয়েছেন, যার মধ্যে চারজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। 

ভূমিধসের নিচে আটকে পড়া লোকদের খুঁজে বের করতে কর্তৃপক্ষ অনুসন্ধান অভিযান শুরু করেছে। ধ্বংসস্তূপের নিচে বড় ট্রাকসহ ২০টির বেশি যানবাহন চাপা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফাইজি আরও বলেন, ‘এটি একটি ছোট ভূমিধস নয় যা দ্রুত পরিষ্কার করা যায়। ধ্বংসস্তূপ অপসারণের জন্য আমাদের এখানে ৬০ জনেরও বেশি লোক কাজ করছে। মনে হচ্ছে যেন পুরো একটা পাহাড় ধসে গেছে।’

আরও পড়ুন: অ্যাক্রোব্যাটের সময় পড়ে গিয়ে চীনা নারীর মৃত্যু

খাইবারের জেলা প্রশাসক আব্দুল নাসির খান বলেন, নিহত দুইজন আফগান নাগরিক। 

সীমান্তে সংঘর্ষের পর পাকিস্তান ও আফগানিস্তান কর্তৃপক্ষের মধ্যে উত্তেজনার কারণে এই বছরের ফেব্রুয়ারিতে তোরখাম ক্রসিং এক সপ্তাহেরও বেশি সময় ধরে বন্ধ ছিল।


একাত্তর/এসজে