জাপানের দক্ষিণাঞ্চলীয় জেলা ওকিনাওয়ার সমুদ্র উপকূল থেকে একটি বিধ্বস্ত ব্ল্যাক হক হেলিকপ্টারের ধ্বংসাবশেষ উদ্ধার করেছে দেশটির আত্মরক্ষা বাহিনী জিএসডিএফ।
জাপানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে উদ্ধার হওয়া হেলিকপ্টারটি গত ৬ এপ্রিল মিইয়াকোজিমা দ্বীপের কাছে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। সেসময় হেলিকপ্টারটিতে ১০ জন সামরিক আরোহী ছিল।
সমুদ্রের ১০৬ মিটার গভীরে পাওয়া হেলিকপ্টারের এই ধ্বংসাবশেষ উদ্ধারে নিয়োজিত ছিল দু'টি বেসরকারি উদ্ধার জাহাজ। মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে একটি জালের মাধ্যমে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ জাহাজে তোলা হয়।
আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়ছে জার্মানি, ক্রেমলিনের হুঁশিয়ারি
জিএসডিএফ জানিয়েছে, দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি। হেলিকপ্টারের ফ্লাইট রেকর্ডার পুনরুদ্ধার করে এই দুর্ঘটনার কারণ অনুসন্ধান করবে কর্তৃপক্ষ।
এর আগে গেলো সপ্তাহে ১০ আরোহী নিয়ে নিখোঁজ হওয়া ব্ল্যাক হক হেলিকপ্টারটির ছয় আরোহীর মৃত্যুর খবর নিশ্চিত করে কর্তৃপক্ষ। এ ঘটনায় এখনও চার জন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে জিএসডিএফ।
একাত্তর/আরবিএস