রাশিয়ায় গাড়ি বোমা হামলায় আহত হয়েছেন দেশটির এক বিশিষ্ট লেখক এবং যুদ্ধপন্থী ব্লগার। অস্ত্রোপচারের পর তিনি বর্তমানে হাসপাতালে রয়েছেন বলে জানা গেছে।
রোববার বিবিসি জানায়, নোভগোরোদ অঞ্চলের একটি গ্রামে জাখার প্রিলেপিনের গাড়িটি বিস্ফোরিত হয়। তিনি ইউক্রেনে রাশিয়ার অভিযানের একজন একনিষ্ঠ সমর্থক।
এ হামলায় প্রিলেপিনের শরীরের বেশ কয়েকটি হাড় ভেঙে গেছে। তবে নিহত হয়েছেন তার গাড়িচালক।
তদন্তকারীরা বলছেন, তারা আলেকজান্ডার পারমিয়াকভ নামে একজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করছেন, যিনি ইউক্রেনের হয়ে কাজ করার কথা স্বীকার করেছেন।
তবে কিয়েভের পক্ষ থেকে এ ব্যাপারে কিছু নিশ্চিত করা হয়নি।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে যে, মার্কিন সরকারের সহযোগিতায় ইউক্রেন আদর্শিক শত্রু হিসেবে প্রিলেপিনকে লক্ষ্যবস্তু করেছে।
তবে কিয়েভ জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেনি বা রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগের জবাবও দেয়নি।
রাশিয়ান গণমাধ্যমের প্রতিবেদনে প্রিলেপিনের আঘাতের বিষয়ে নির্দিষ্ট কিছু উল্লেখ করা হয়নি।
সন্ত্রাসসহ গুরুতর অপরাধ পরিচালনাকারী তদন্ত কমিটি পারমিয়াকভকে অভিযুক্ত করে বলেছে, তিনি একটি রিমোট-নিয়ন্ত্রিত বোমার বিস্ফোরণ ঘটিয়ে প্রিলেপিনের অডিকে ধ্বংস করেছেন।
সন্দেহভাজন ব্যক্তি ‘ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার হয়ে একটি অ্যাসাইনমেন্ট করার কথা স্বীকার করেছে’ বলে দাবি করেছে তারা।
এদিকে, প্রিলেপিনের ওপর হামলায় জড়িত থাকার কথা দাবি করেছে ইউক্রেনীয় এবং ক্রিমিয়ান তাতারদের নিয়ে গঠিত গোষ্ঠী আতেশ।
আরও পড়ুন: অ্যালবার্টায় ভয়াবহ দাবানলে জরুরি অবস্থা জারি
টেলিগ্রামে এক পোস্টে তারা বলে, ‘আমাদের মনে হচ্ছিলো শিগগিরই তাকে উড়িয়ে দেওয়া হবে। তিনি একা ড্রাইভ করছিলেন না, তার গাড়ির নিচে একটি গোপন উপহার ছিল।’
রাশিয়ার অন্যতম বিখ্যাত ঔপন্যাসিক হওয়ার পাশাপাশি, প্রিলেপিন রাশিয়ান উগ্র-জাতীয়তাবাদী রাজনীতির সাথে জড়িত থাকার জন্য পরিচিত।
নব্বইয়ের দশকে চেচনিয়ায় রাশিয়ার রক্তক্ষয়ী যুদ্ধের অভিজ্ঞ এই সৈনিক পূর্ব ইউক্রেনে রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সাথে লড়াই করার কথা স্বীকার করেছেন।
একাত্তর/এসজে