তিউনিসিয়ার সিনাগগে বন্দুক হামলা, নিহত চার

তিউনিসিয়ার বিখ্যাত সিনাগগে (উপাসনালয়) মঙ্গলবার এক পুলিশ কর্মকর্তার বন্দুক হামলায় ইহুদিদের বার্ষিক ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়া দুই উপাসক এবং নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা এফপি এ তথ্য নিশ্চিত করেছে। 

মন্ত্রণালয় জানায়, জেরবা দ্বীপের ঘরিবা সিনাগগে এ হামলায় আরও চার দর্শনার্থী এবং পাঁচ নিরাপত্তা কর্মকর্তা আহত হয়েছেন। পরে এক অভিযানে হামলাকারীও নিহত হয়।

এক বিবৃতিতে বলা হয়, তিউনিসিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় নিহত দুই উপাসকের পরিচয় পেয়েছে। তাদের একজন তিউনিয়ার নাগরিক। তার বয়স ৩০ বছর। অপরজন ফরাসি নাগরিক। তার বয়স ৪২ বছর। কিন্তু মন্ত্রণালয় তাদের নাম প্রকাশ করেনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হামলাকারী প্রথমে একজন সহকর্মীকে গুলি করে হত্যা করে এবং তার অস্ত্র নেওয়ার পর এ হামলা চালানো হয়।

সহকর্মীর অস্ত্র নেওয়ার পর সে আফ্রিকার প্রাচীনতম বিখ্যাত স্থান ঘরিবা সিনাগগে যান। ইহুদিদের বার্ষিক ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে সেখানে শত শত মানুষ জড়ো হয়েছিল। অনুষ্ঠানটি মঙ্গলবার রাতে শেষ হওয়ার কথা ছিল।

এরআগে ২০০২ সালে সিনাগগে লক্ষ্য করে চালানো একটি আত্মঘাতী ট্রাক বোমা হামলায় ২১ জন নিহত হয়েছিল।

এই বন্দুক হামলাকে একটি সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করা থেকে বিরত থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই কাপুরুষোচিত হামলার উদ্দেশ্য জানার জন্য তদন্ত অব্যাহত রয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানায়, সিনাগগে গুলির শব্দে সেখানে উপস্থিত শত শত মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়তে দেখা যায়।

আয়োজকরা জানান, এ বছর ওই অনুষ্ঠানে ইহুদি ধর্মের পাঁচ হাজারেরও বেশি অনুসারী অংশগ্রহণ করেন। আর এদের বেশিরভাগই ছিলেন বিদেশি নাগরিক।


একাত্তর/আরবিএস