ঘূর্ণিঝড় মোখা: মিয়ানমারের জন্য ৩৩ কোটি ডলারের সাহায্য আবেদন

শক্তিশালী ঘূর্ণিঝড় মোখার আঘাতে বিধ্বস্ত মিয়ানমারকে জরুরি সহায়তা হিসাবে ৩৩ কোটি ৩০ লাখ ডলার প্রদানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন জানিয়েছে জাতিসংঘ।

দেশটিতে ক্ষতিগ্রস্ত ১৬ লাখ মানুষের জন্য আশ্রয়স্থান নির্মাণ এবং খাদ্য ও চিকিৎসা সামগ্রী বিতরণের জন্য জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তর মঙ্গলবার এই আবেদন জানায়। খবর এনএইচকে'র। 

এর আগে চলতি মাসের ১৪ তারিখে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ ও মিয়ানমার উপকূলীয় অঞ্চলে আঘাত হানে। দমকা বাতাস এবং উঁচু ঢেউয়ের কারণে দেশটির পশ্চিমাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মোখার তাণ্ডবে রাখাইনে কয়েক’শ লোকের মৃত্যু হয়। 

ঘূর্ণিঝড়ে উপকূলীয় অঞ্চলের আশ্রয় কেন্দ্রগুলো পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং এর পরপরই ‘কয়েকশ মানুষের মৃত্যুর খবর’ পাওয়া যায়। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে রাখাইনের সিত্তুয়েতে। শহরটিতে কমপক্ষে দেড় লক্ষ্যাধিক লোকের বসবাস। 


যদিও ২০২১ সালে এক সেনা অভ্যুত্থানের মধ্যদিয়ে দেশটির ক্ষমতায় আসে সামরিক বাহিনী এ ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও বিস্তারিত জানায়নি। অন্যদিকে এ ঝড়ে ৪৫৫ জন মারা গেছে বলে দাবি করেছে দেশটির গণতন্ত্রপন্থী জাতীয় ঐক্য সরকার। 

আরও পড়ুন: গাজীপুর সিটি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

এরইমধ্যে বিশ্ব খাদ্য কর্মসূচি রাখাইন প্রদেশের কয়েকটি এলাকায় খাদ্য বিতরণ শুরু করেছে, তবে মানবিক কর্মীদের সাথে সেনাবাহিনীর যোগাযোগ সীমিত হওয়ায় পুরোদস্তুর সহায়তা শিগগিরি পাওয়া যাবে না বলে জানিয়েছে জাতিসংঘ।


একাত্তর/আরবিএস