ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অভিযোগ, ইউক্রেনের প্রত্যাশিত পাল্টা আক্রমণকে ব্যর্থ করতে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একটি বড় ধরণের দুর্ঘটনা ঘটানোর পরিকল্পনা করছে মস্কো।
রাশিয়া অধিকৃত দক্ষিণ ইউক্রেনে অবস্থিত জাপোরিঝিয়া প্ল্যান্টটি ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে সেখানে একাধিক বিপজ্জনক হামলা হয়েছে এবং এসবের জন্য উভয় পক্ষ একে অপরকে দোষারোপ করে আসছে।
বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেনের প্রত্যাশিত পাল্টা আক্রমণের আগে, জাপোরিঝিয়াকে ঘিরে ক্রমবর্ধমান সামরিক কার্যকলাপের মধ্যে একটি পারমাণবিক বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা বেড়েছে।
শুক্রবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা অধিদপ্তর জানিয়েছে, রাশিয়ানরা জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রে দুর্ঘটনা ঘটাতে উস্কানি ও অনুকরণের প্রস্তুতি নিচ্ছে।
গোয়েন্দা অধিদপ্তর এক বিবৃতিতে এবং পরে সামাজিক মিডিয়া চ্যানেলে দাবি করেছে, মস্কো জাপোরিঝিয়া অঞ্চলে আক্রমণ করার পরিকল্পনা করছে। এর পরে, তারা তেজস্ক্রিয় পদার্থের ছড়িয়ে পড়েছে বলে ঘোষণা করবে।
প্ল্যান্ট থেকে তেজস্ক্রিয় উপাদান ছড়িয়ে পড়লে বিশ্বব্যাপী বিপর্যয় ঘটাবে উল্লেখ করে অধিদপ্তর বলেছে, বিপর্যয়ের ফলে রাশিয়া তার বাহিনীকে পুনরায় সংগঠিত করতে পারবে এবং ইউক্রেনের পাল্টা আক্রমণ বন্ধ করার জন্য আরও ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে।
অধিদপ্তর আরও বলেছে, এমনটা ঘটলে রাশিয়া স্পষ্টতই ইউক্রেনকে দোষারোপ করবে।
জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
আরও পড়ুন: মার্কিন নতুন ভিসা নীতিতে অর্থ পাচার কমবে: মোমেন
তবে রাশিয়া বলছে, ইউক্রেন ইচ্ছাকৃতভাবে পারমাণবিক কেন্দ্রটিতে একাধিকবার হামলা চালিয়েছে। মস্কোকে চাপে ফেলতে এমনটা করছে জেলেনস্কি প্রশাসন।
তবে গত সপ্তাহে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, ইউক্রেনের বহুল প্রত্যাশিত পাল্টা আক্রমণের আগে রাশিয়ান সামরিক বাহিনী পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এবং এর আশেপাশে প্রতিরক্ষামূলক অবস্থান বাড়িয়েছে।
একাত্তর/আরবিএস