ইউক্রেনের দক্ষিণাঞ্চলে দিনিপ্রো নদীর ওপর নির্মিত নোভো কাখোভকা বাঁধ ধ্বংস হয়ে ওই অঞ্চলে ভয়াবহ বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
বাঁধটি ধ্বংসের জন্য পরস্পরকে দুষছে ইউক্রেনীয় ও রুশ বাহিনী। খবর: সিএনএন ও আলজাজিরা।
মঙ্গলবার ইউক্রেনের সশস্ত্র বাহিনীর দক্ষিণের কমান্ড এক বিবৃতিতে দাবি করে, ‘কাখোভকা বাঁধটি শত্রুরা হামলা চালিয়ে উড়িয়ে দিয়েছে।’
নোভা কাখোভকা শহরটি খেরসনে অবস্থিত। শহরটি রক্ষায় এই বাঁধটি খুবই গুরুত্বপূর্ণ। বাঁধটি রাশিয়ার নিয়ন্ত্রিত অংশে পড়েছে।
সেখানকার মস্কোপন্থি মেয়র এ ঘটনার জন্য ইউক্রেনের গোলাবর্ষণকে দায়ী করছেন।
অবশ্য প্রথমে বাঁধ ধসের খবর অস্বীকার করে মেয়র ভ্লাদিমির লিওন্টিভ বলেন, ‘সব কিছু স্বাভাবিক ও শান্ত। এখানে কিছুই হয়নি।’
রুশবাহিনী ইউক্রেনের দক্ষিণাঞ্চলের কৌশলগত খেরসনের নোভো কাখোভকা বাঁধ উড়িয়ে দিয়েছে- সামরিক বাহিনীর এমন বিবৃতির পর পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠক ডেকেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বিবৃতিতে ইউক্রেনের সেনাবাহিনী বলছে, বাঁধটিতে ধ্বংসের মাত্রা, পানির গতি এবং কতটুকু প্লাবিত হতে পারে তা পর্যবেক্ষণ করা হচ্ছে।
খবর পাওয়া মাত্রই দুর্ঘটনা এড়াতে আশপাশের লোকজনকে নিরাপদে থাকার অনুরোধ জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। সূত্রের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাস জানিয়েছে, বাঁধটি ধ্বংস হয়ে গেছে এবং দ্রুতগতিতে আশপাশের এলাকা প্লাবিত হচ্ছে।
খেরসনে রাশিয়ার নিয়ন্ত্রিত অংশে সোভিয়েত যুগের এই বাঁধটি ধ্বংস হয়ে থাকলে পুরো অঞ্চল ভয়াবহ বন্যা দেখা দিতে পারে। প্রায় ৯৮ ফুট প্রশস্ত ও ৩ দশমিক ২ কিলোমিটার দৈর্ঘ্যর বাঁধটি ১৯৫৬ সালে কাখোভকা জলবিদ্যুৎ কেন্দ্রের অংশ হিসেবে দিনিপ্রো নদীর ওপর নির্মাণ করা হয়।
একাত্তর/জো