পানির নিচে নোভা কাখোভকা, খেরসনে ভয়াবহ বন্যার আশঙ্কা

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের 'নোভা কাখোভকা' জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ উড়িয়ে দেয়া নিয়ে পরস্পরকে দুষছে ইউক্রেন-রাশিয়া। দিনিপ্রো নদীর ওপর নির্মিত বাঁধটি ধ্বংস হয়ে ওই অঞ্চলে ভয়াবহ বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এরইমধ্যে প্লাবিত হয়েছে নোভা কাখোভকা শহরের কিছু অঞ্চল। 

মঙ্গলবার রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেনের শহর নোভা কাখোভকা এখন পানির নিচে। এ জেলায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

রাশিয়ার জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, কাখোভকা বাঁধটি রাতারাতি ভেঙে যাওয়ায় প্রায় ৬০০টি বাড়ি প্লাবিত হয়েছে।

উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ বলেছেন, কাখোভকা বাঁধের 'আক্রোশজনক' ধ্বংস 'ইউক্রেনে রুশ যুদ্ধের বর্বরতা' দেখিয়েছে।


এক টুইট বার্তায় তিনি বলেন, এই ধ্বংসলীলা 'হাজার হাজার বেসামরিক নাগরিককে ঝুঁকির মধ্যে ফেলেছে এবং পরিবেশের মারাত্মক ক্ষতির কারণ'।

উল্লেখ্য, নোভা কাখোভকা শহরটি খেরসনে অবস্থিত। শহরটি রক্ষায় এই বাঁধটি খুবই গুরুত্বপূর্ণ। বাঁধটি রাশিয়ার নিয়ন্ত্রিত অংশে পড়েছে।

আরও পড়ুন: আফগানিস্তানে গাড়ি বোমা হামলায় প্রাদেশিক গভর্নর নিহত

সেখানকার মস্কোপন্থি মেয়র এ ঘটনার জন্য ইউক্রেনের গোলাবর্ষণকে দায়ী করছেন। 

অন্যদিকে ইউক্রেনের পক্ষ থেকে বলা হচ্ছে, এ ক্ষয়ক্ষতির জন্য রাশিয়া দায়ী। 

এক বিবৃতিতে ইউক্রেনের সেনাবাহিনী বলছে, বাঁধটিতে ধ্বংসের মাত্রা, পানির গতি এবং কতটুকু প্লাবিত হতে পারে তা পর্যবেক্ষণ করা হচ্ছে।

দুর্ঘটনা এড়াতে আশপাশের অঞ্চলের লোকজনকে নিরাপদে সরে যাওয়ার অনুরোধ জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। 


একাত্তর/আরবিএস