'এফ-১৬ যুদ্ধবিমান পেলে পরমাণু সক্ষম হয়ে উঠতে পারে ইউক্রেন'

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মার্কিন অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমানগুলো পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এবং কিয়েভে এসব সরবরাহ করা হলে তা চলমান সংঘর্ষকে আরও বাড়িয়ে তুলবে।

আল-জাজিরা জানায়, মঙ্গলবার তাজিকিস্তানের রাজধানী দুশানবের একটি সামরিক ঘাঁটি পরিদর্শনের সময় ল্যাভরভ এসব কথা বলেন। 

ল্যাভরভ বলেন, মস্কো যখনই জানতে পেরেছে কিয়েভকে এ বিমান সরবরাহ করা হচ্ছে, তখনই বুঝেছে যে, এসব বিমান পরমাণু অস্ত্র বহনে সক্ষম। এই বাস্তবতা যদি পশ্চিমারা না বোঝে তাহলে তাদের সামরিক কৌশলবিদ ও পরিকল্পনাবিদরা মূল্যহীন।

এদিকে মঙ্গলবার হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি এফ-১৬ এর পারমাণবিক সক্ষমতা নিয়ে আলোচনা করতে রাজি হননি, তবে তিনি উল্লেখ করেছেন যে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সংঘর্ষ এড়াতে চান। 

কিরবি বলেন, ইউক্রেন যাতে আঞ্চলিক এবং আকাশসীমায় নিজেকে রক্ষা করতে পারে, সে উদ্দেশে দেশটিকে উন্নত যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাষ্ট্র। 

আরও পড়ুন: সিলেটে ট্রাক-পিকআপের সংঘর্ষে নিহত ১৩

ল্যাভরভকে উদ্দেশ করে কিরবি বলেন, আপনি যদি ইউক্রেনের সামরিক সক্ষমতা নিয়ে চিন্তিত হন তবে আপনার সেনা সরিয়ে নিয়ে যাওয়া উচিত এবং ইউক্রেন ত্যাগ করা উচিত।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি দীর্ঘদিন ধরে এফ-১৬ যুদ্ধবিমানের জন্য ন্যাটোর কাছে আবেদন করে আসছেন এবং দাবি করেছেন, প্রয়োজনীয় অস্ত্র পেলে দেশটির রাশিয়াকে পরাজিত করতে সক্ষম। 


একাত্তর/আরবিএস