বিগত তিনদিনে রুশ বাহিনীর হামলায় সাড়ে তিন হাজারের বেশি ইউক্রেনীয় সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু।
মঙ্গলবার এমন তথ্য দিয়ে ইউক্রেনের পাল্টা আক্রমণ ব্যর্থ করে দেওয়া হয়েছে বলে দাবি করেন রুশ প্রতিরক্ষামন্ত্রী। খবর: রয়টার্স।
রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, গত কয়েকদিনে বিভিন্ন ফ্রন্টে ইউক্রেন প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু করেছে। তাদের একটি আক্রমণের প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। শত্রুদের থামিয়ে দেওয়া হয়েছে। তারা লক্ষ্য অর্জন করতে পারেনি বরং অভাবনীয় ক্ষতির সম্মুখীন হয়েছে।
পুতিনের ঘনিষ্ঠজন শোইগু বলেন, তিনদিনেই তিন হাজার ৭১৫ জন সেনা হারিয়েছে ইউক্রেন। সেই সঙ্গে ৫২টি ট্যাংক এবং ২০৭টি সাঁজোয়া যান। একই সময়ে তীব্র লড়াইয়ে মস্কো হারিয়েছে ৭১ জন সেনা, আহত হন ২১০ জন। রাশিয়ার ১৫টি ট্যাংক ও নয়টি সাঁজোয়া যান ধ্বংস হয়ে গেছে।
রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করতে যাচ্ছে বলে দাবি করে আসছিল ইউক্রেন। কিন্তু কবে, কখন বহুল প্রতীক্ষিত এই অভিযান শুরু হচ্ছে এ বিষয়ে অস্পষ্টতা রেখে দিয়েছে কিয়েভ।
এদিকে, রাশিয়া দাবি করছে, পাল্টা আক্রমণ শুরু হয়েছে আর তা ব্যর্থ করে প্রচুর ইউক্রেনীয় সেনাকে হত্যা করেছে রুশ বাহিনী।
এর মধ্যেই প্রতিরক্ষামন্ত্রী শোইগু ইউক্রেনের সেনা হতাহতের বিষয়ে নতুন এ তথ্য জানালেন।
আরও পড়ুন: অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ ফ্রান্সিস
ইউক্রেন সাতটি পয়েন্ট থেকে হামলা শুরু করেছিল বলে দাবি করেন রুশ প্রতিরক্ষামন্ত্রী। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য না দিয়ে মস্কোর এমন দাবি তাৎক্ষণিক প্রত্যাখ্যান করেছে কিয়েভ।
একাত্তর/জো