উত্তর নাইজেরিয়ায় যাত্রীবোঝাই নৌকা ডুবে শিশুসহ অন্তত ১০৩ জনের মৃত্যু হয়েছে। নৌকাটির যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উত্তর-মধ্যাঞ্চলের কাওয়ারা বিভাগে মঙ্গলবার এ ভয়াবহ নৌ দুর্ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা এএফপি'র।
কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।
রাজ্য পুলিশ ও গভর্নরের অফিস জানিয়েছে, নৌকাটি কাওয়ারার পাশের রাজ্য নাইজার থেকে বরযাত্রীদের নিয়ে নদী পার হচ্ছিল। সেসময় নৌকাটি ডুবে যায়। দুর্ঘটনার শিকার যাত্রীরা বিয়ে শেষে কাওয়ারার পাতিগি বিভাগে ফিরছিলেন। তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে সেটি এখনও জানা যায়নি।
আরও পড়ুন: ভারতে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’র প্রভাবে নিহত সাত
কাওয়ারা রাজ্য পুলিশের মুখপাত্র ওকসানমি আজাই বলেন, এখন পর্যন্ত ১০৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১০০ জনেরও বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
ইংরেজি দৈনিক দ্য গার্ডিয়ান বলছে, ২০২১ সালের মে মাসে একই এলাকার কাছাকাছি একটি নৌকা ডুবে কমপক্ষে ১৬০ জনের মৃত্যু হয়েছিল।
একাত্তর/আরবিএস