রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী সার্গেই রিয়াবকভ বলেছেন, বিশ্বের প্রায় ২০টি দেশ 'ব্রিকস' অর্থনৈতিক জোটের সদস্যপদ পেতে চাচ্ছে এবং তাদের সংখ্যা বাড়ছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার রুশ বার্তা সংস্থা তাসকে তিনি এ কথা বলেন।
রিয়াবকভ বলেন, ব্রিকসে যোগ দিতে ইচ্ছুক প্রার্থীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। যোগ দিতে ইচ্ছুক রাষ্ট্রের সংখ্যা বিশের কাছাকাছি। এর মানে ব্রিকস বিস্তৃত হচ্ছে এবং সংগঠন হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে এর ভূমিকা উল্লেখযোগ্যভাবে বাড়ছে।
তিনি আরও বলেন, ব্রিকস এমন কিছু দেশের গ্রুপ যারা নেতা অনুসারী নীতিতে চলে না। বরং এর অংশীদাররা ঐকমত্যের ভিত্তিতে একটি গঠনমূলক এজেন্ডা তৈরি করে।
ব্রিকসে যোগ দেয়ার মানদন্ড কি হতে পারে তা নিয়ে আলোচনা চলছে উল্লেখ করে তিনি বলেন, দক্ষিণ আফ্রিকা এই কাজটি জোরদার করেছে।
আরও পড়ুন: সামাজিক ন্যায়বিচারকে গুরুত্ব দিন: বিশ্ব সম্প্রদায়কে প্রধানমন্ত্রী
এদিকে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসি বলেছেন, তেহরান 'ব্রিকস' অর্থনৈতিক জোট এ যোগ দিতে প্রস্তুত।
উল্লেখ্য, ব্রিক্স হলো পাঁচটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত একটি অর্থনৈতিক জোট। ২০১৪ সালে এসব দেশ মিলে এনডিবি ব্যাংক প্রতিষ্ঠা করে। ব্যাংকটির সদর দপ্তর চীনের শিল্পনগরী সাংহাইয়ে। বিশ্ব অর্থনীতির ৪০ ভাগ ব্রিকসভুক্ত পাঁচ দেশের আওতায় রয়েছে। এছাড়া, বিশ্বের মোট জিডিপি’র চার ভাগের একভাগ এই পাঁচ দেশ নিয়ন্ত্রণ করে।
একাত্তর/আরবিএস