ভারতে প্রচণ্ড তাপদাহে এক হাসপাতালে ৫৪ মৃত্যু, তদন্ত শুরু

ভারতের উত্তরপ্রদেশে গেলো তিন দিনের তাপদাহে শুধুমাত্র বালিয়া জেলা হাসপাতালে কমপক্ষে ৫৪ জন মারা গেছে এবং প্রায় ৪০০ জন অসুস্থ হয়ে ভর্তি হয়েছে। এ ঘটনায় নড়েচড়ে বসেছে রাজ্য সরকার।

বালিয়া জেলা হাসপাতালের ইনচার্জ মেডিকেল সুপারিনটেনডেন্ট এসকে যাদবের বরাতে এনডিটিভি জানিয়েছে, তাপপ্রবাহের কারণে বালিয়া জেলা হাসপাতালে ১৫ জুন ২৩ জন, ১৬ জুন ২০ জন এবং ১৭ জুন ১১ জন রোগীর মৃত্যু হয়। 

চিকিৎসকরা বলছেন, মৃত্যুর বিভিন্ন কারণ থাকলেও প্রচণ্ড গরম একটি বড় কারণ হতে পারে। গরমের কারণে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে বলে জানান তারা। 

উত্তরপ্রদেশের বেশিরভাগ জায়গায় তাপমাত্রা এরইমধ্যে ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। ভারতের আবহাওয়া দফতরের তথ্যে দেখা গেছে, শুক্রবার বালিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বেশি।

আজমগড় সার্কেলের অতিরিক্ত স্বাস্থ্য পরিচালক ডা: বিপি তিওয়ারি বলেন, এ বিষয়ে তদন্ত করতে লখনউ থেকে একটি দল আসছে। খুব গরম বা ঠান্ডা হলে শ্বাসকষ্টের রোগী, ডায়াবেটিস রোগী এবং রক্তচাপের রোগীদের ঝুঁকি বেড়ে যায়। 

এদিকে গেলো কয়েকদিনে জেলা হাসপাতালে ভিড় বেড়েছে। রোগীরা ঠিকমতো স্ট্রেচারও পাচ্ছেন না, ফলে অনেক রোগীকে স্বজনদের কাঁধে করে জরুরি ওয়ার্ডে আসতে দেখা গেছে।   

আরও পড়ুন: ফিলিপাইনে ফেরিতে আগুন, ১২০ আরোহী জীবিত উদ্ধার

উত্তরপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী ব্রজেশ পাঠক জানান, সরকার বালিয়ায় ঘটনাটি গুরুত্ব সহকারে বিবেচনা করেছে এবং তিনি ব্যক্তিগতভাবে সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

তিনি বলেন, পরিচালক স্তরের দু'জন সিনিয়র ডাক্তারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা খুব শীঘ্রই প্রশাসনকে লিখিতভাবে পরিস্থিতি সম্পর্কে অবহিত করবেন। 

অন্যদিকে তথ্যপ্রমাণ ছাড়া অসতর্কভাবে বিবৃতি দেওয়ায় হাসপাতালের প্রধান মেডিকেল সুপারিনটেনডেন্ট ডা: দিবাকর সিংকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে বলে জানান ব্রজেশ।  


একাত্তর/আরবিএস