রোস্তভ থেকে কাদিরভের বিশেষ বাহিনী প্রত্যাহার

ওয়াগনার গ্রুপের বিদ্রোহী যোদ্ধাদের মোকাবিলায় রাশিয়ার রোস্তভ অঞ্চলে মোতায়েন করা চেচেনদের বিশেষ ফোর্স ‘আখমত’ প্রত্যাহার করেছে মস্কো।

রোববার ক্রেমলিন রোস্তভে মোতায়েন চেচেন যোদ্ধাদের প্রত্যাহার করে নিয়েছে বলে বাহিনীটির এক কমান্ডারের বরেতে জানা যায়। খবর: তাস।

রমজান কাদিরভের বিশেষ বাহিনী ‘আখমত’। ২০০৭ সাল থেকে চেচেন রিপাবলিকের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন কাদিরভ। ইউক্রেন যুদ্ধে পুতিনের বিশ্বস্ত হয়ে কাজ করছে তার বাহিনী। মারিওপোল দখলেও প্রিগোজিনের ওয়াগনার বাহিনীর পাশাপাশি কাদিরভের ‘আখমত’ ফোর্স বিশেষ ভূমিকা পালন করে।

শনিবার মস্কোর সামরিক নেতৃত্বের পতন ঘটানোর লক্ষ্য ঘোষণা করে ওয়াগনারের প্রায় ২৫ হাজার যোদ্ধা নিয়ে রাশিয়ায় প্রবেশ করে দলটির প্রতিষ্ঠাতা ও নেতা ইয়েভজেনি প্রিগোজিন।

তাদের ঠেকাতে রোস্তভ অঞ্চলে কাদিরভের চেচেন যোদ্ধাদের নামানো হয়। কিন্তু তাদের সঙ্গে ওয়াগনার বাহিনীর কোনও সংঘাতের খবর পাওয়া যায়নি। 

পরবর্তীতে মস্কো অভিমুখে না এগিয়ে ফিরে গেছে প্রিগোজিনের যোদ্ধারা। পুতিনের ঘনিষ্ঠ বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেঙ্কোর সঙ্গে একটা সমঝোতার পরই এমন ঘোষণা দেন ওয়াগনার প্রধান।

আরও পড়ুন: সিরিয়ায় রুশ বিমান হামলায় ১৩ জন নিহত

এদিকে, ওয়াগনার গ্রুপের যোদ্ধারা রাশিয়ার দক্ষিণ ভোরোনেজ অঞ্চল ছেড়ে যাচ্ছে বলে জানিয়েছেন অঞ্চলটির রুশ গভর্নর আলেক্সান্দার গুসেভ।


একাত্তর/জো