মার্কিন ড্রোনের মুখোমুখি রুশ জঙ্গি বিমান, তারপর...

সিরিয়ার আকাশে তিনটি মার্কিন ড্রোনকে 'হয়রানি' করেছে রুশ যুদ্ধবিমান, এমন অভিযোগ যুক্তরাষ্ট্রের। এসময় ড্রোনগুলো আইএস বা ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে মিশনে অংশ নিয়েছিল। 

বুধবার সিরিয়ার সীমান্ত অঞ্চলে এ ঘটনা ঘটে বলে জানান মার্কিন বিমান বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেউইচ। খবর দ্য গার্ডিয়ানের।  

লেফটেন্যান্ট জেনারেল অ্যালেক্সাস এক বিবৃতিতে বলেছেন, তিনটি মার্কিন এমকিউ-৯ ড্রোন আইএস লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে একটি মিশন পরিচালনা করার সময় তিনটি রাশিয়ান যুদ্ধবিমান ড্রোনগুলোকে নাজেহাল করতে শুরু করেছিল।

তিনি বলেন, রাশিয়ার জেটগুলো মার্কিন ড্রোনের সামনে প্যারাসুট ফ্লেয়ার ফেলে দেয়। তাদের এড়িয়ে যাওয়ার পদক্ষেপ নিতে বাধ্য করে, একজন পাইলট একটি এমকিউ-৯ এর সামনে তাদের প্লেনের আফটারবার্নার চালু করে। এতে ‘অপারেটরের নিরাপদে বিমান চালানোর ক্ষমতা ব্যাহত হয়।’

তিনি আরও বলেন, এই ঘটনাগুলো সিরিয়ায় কাজ করা রুশ বিমান বাহিনীর পেশাদার এবং অনিরাপদ কাজের আরেকটি উদাহরণ সৃষ্টি করেছে। যা মার্কিন এবং রাশিয়ান উভয় বাহিনীর নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

আরও পড়ুন: গোপালগঞ্জে ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে চারজন নিহত

গ্রিনকেউইচ মস্কোকে ‘এই বেপরোয়া আচরণ বন্ধ করার’ আহ্বান জানিয়েছেন।

এদিকে মার্কিন প্রশাসন বলছে, চলতি বছরের শুরুর দিকে একটি রাশিয়ান জেট কৃষ্ণ সাগরের উপর পরিচালিত একটি ড্রোনের প্রপেলারে আঘাত করেছে। এর ফলে এটি বিধ্বস্ত হয়েছে। 

যদিও মস্কো বরাবরের মতো এ দায় অস্বীকার করেছে।


একাত্তর/আরবিএস