ক্রিমিয়া সেতুতে হামলার অভিযোগের কয়েকঘণ্টার মধ্যে ইউক্রেনের সাথে কৃষ্ণসাগর শস্য চুক্তি স্থগিত করেছে রাশিয়া। সোমবার চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।
সোমবারের এই হামলায় এক দম্পতি নিহত ও তাদের মেয়ে আহত হয়েছে বলে জানিয়েছে রাশিয়া।
এ হামলাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছে মস্কো। তবে এর সাথে শস্য চুক্তি স্থগিতের কোনও সম্পর্ক নেই বলে দাবি তাদের।
রাশিয়াকে ক্রিমিয়ার সাথে সংযুক্তকারী ১৯ কিলোমিটার দীর্ঘ এই সড়ক ও রেল সেতুতে ভোরের আগে বিস্ফোরণের খবর পাওয়া যায়।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছে, রাশিয়ার সাথে সম্পর্কিত কৃষ্ণসাগর শস্য চুক্তি প্যাকেজের অংশগুলো পূরণ করা হয়নি এবং তাই এটি কার্যকর হচ্ছে।
তিনি বলেন, চুক্তিটির মেয়াদ আজ শেষ হওয়ায় এটি স্থগিত করা হয়েছে। রাশিয়ার সাথে সম্পর্কিত শর্ত পূরণ হলেই রাশিয়া চুক্তিতে ফিরে আসবে।
ইউক্রেনের সামরিক বাহিনীর দাবি, এ হামলাটি রাশিয়ারই কোনও ধরনের উস্কানি হতে পারে।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ইউক্রেন যুদ্ধ থামানোর রূপরেখা দিলেন ট্রাম্প
তবে ইউক্রেনের গণমাধ্যম অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে বলেছে, ইউক্রেনের নিরাপত্তা পরিষেবা এই ঘটনার পিছনে ছিল।
একাত্তর/এসজে