রাশিয়ার যুদ্ধপন্থী ব্লগার ইগর গিরকিনকে চরমপন্থার অভিযোগে আটক করা হয়েছে। ইগর স্ট্রেলকভ নামেও পরিচিত এই কট্টর জাতীয়তাবাদীর পাঁচ বছরের জেল হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তার স্ত্রী জানান, শুক্রবার মস্কোর ফ্ল্যাট থেকে তাকে আটক করা হয়।
একজন প্রাক্তন এফএসবি গোয়েন্দা কর্নেল, স্ট্রেলকভ ২০১৪ সালে ক্রিমিয়া দখলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
তিনি পরে পূর্ব ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার প্রক্সি সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন।
২০১৪ সালে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানে মিসাইল হামলার ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করে একটি ডাচ আদালত। ওই হামলায় বিমানের ২৯৮ আরোহীর মৃত্যু হয়েছিলো।
কিন্তু গত বছরের পুরো মাত্রার আগ্রাসনের পর রুশ সেনাবাহিনী ও পুতিনের সমালচনায় আরও সোচ্চার হয়ে ওঠেন স্ট্রেলকভ।
‘আমরা ইতিমধ্যে হেরে গেছি’, তিনি গত বছর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসারীদের বলেছিলেন।
স্ট্রেলকভের আইনজীবী আলেকজান্ডার মোলোখভ বলেছেন, তাকে আটক করার পর তার ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়েছে।
আরও পড়ুন: একের পর এক জলবায়ু রেকর্ড ভেঙ্গে অভূতপূর্ব অবস্থানে পৃথিবী
স্ট্রেলকভ পরে রাজধানীর উত্তর-পূর্বে মেশচানস্কি জেলা আদালতে হাজির হন, যেখানে বিচারক বন্ধ দরজার পিছনে শুনানির জন্য তার অনুরোধ প্রত্যাখ্যান করেন। তিনি এখন কমপক্ষে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত কারাগারে থাকবেন।
এই ব্লগারকে দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট এবং সামরিক বাহিনীর সমালোচনা করার স্বাধীনতা দেয়া হয়েছে। তাই এটি স্পষ্ট নয় যে রাশিয়ার তদন্ত কমিটি কেন তাকে ‘চরমপন্থী কার্যকলাপে’ উসকানি দেয়ার জন্য ইন্টারনেট ব্যবহারের অভিযোগে অভিযুক্ত করেছে।
একাত্তর/এসজে